একতা কাপুরের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা
উত্তরদক্ষিণ । বৃহস্পতিবার, ২৯ সেপ্টেম্বর ২০২২ । আপডেট ১২:১৫
বলিউডের একতা কাপুরকে সম্প্রতি একটি ওয়েব সিরিজের জন্য প্রভাবশালী এই প্রযোজক ও তার মা শোভা কাপুরের নামে গ্রেফতারি পরোয়ানা জারি করেছে ইন্ডিয়ার আদালত।
একতা নির্মিত ‘ট্রিপল এক্স’ নামের একটি ওয়েব সিরিজের দ্বিতীয় কিস্তিতে এক সৈনিকের স্ত্রীর বিবাহবহির্ভূত সম্পর্ক দেখানো হয়েছে। অন্য পুরুষের সঙ্গে ওই সেনা বধূটির একাধিক আপত্তিকর দৃশ্যও তুলে ধরা হয়েছিল পর্দায়। বিষয়টি মেনে নিতে পারেননি দেশটির প্রাক্তন সেনা সদস্য শম্ভু কুমার।
২০২০ সালে মুক্তিপ্রাপ্ত ওয়েব সিরিজটি দেখে সেসময় ক্ষুব্ধ হন শম্ভু। সেনাকর্মীদের অপমান এবং তাদের পরিবারের অনুভূতিতে আঘাতের অভিযোগ এনে তিনি মামলা ঠুকে দেন একতার নামে।
এ নিয়ে একতা তখন বাড়াবাড়ি করেননি। শম্ভুর অভিযোগের পরপরই ওয়েব সিরিজে কাচি চালান তিনি। ফেলে দেন ওই সেনা সদস্যের দৃষ্টিতে আপত্তিকর দৃশ্যগুলো। পরে একটি ভিডিও বার্তায় ক্ষমাও চান তিনি।
তারপরও দুই বছর এসে একতার নামে কেন নতুন করে গ্রেফতারি পরোয়ানা জারি হলো— জানতে চাইলে শম্ভুর আইনজীবী ঋষিকেশ পাঠক ভারতীয় সংবাদমাধ্যমকে জানান, বিতর্কিত দৃশ্য বাদ দিলেও তিনি এই মামলায় আদালতে হাজিরা দেননি। তাই তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি হয়েছে।
একতা ও তার মায়ের নামে মামলা হওয়ার পর গেল বছরের ফেব্রুয়ারিতে তাদের বিরুদ্ধে সমন জারি করা হয়। জানা গেছে, সেসময় একতার অফিস থেকেও সমনটি গ্রহণ করা হয়েছিল।
ইউডি/সুস্মিত

