শনিবার মহাষষ্ঠী দিয়ে দুর্গাপূজা শুরু

শনিবার মহাষষ্ঠী দিয়ে দুর্গাপূজা শুরু

উত্তরদক্ষিণ । শুক্রবার, ৩০ সেপ্টেম্বর ২০২২ । আপডেট ১৭:৪৫

আগামীকাল শনিবার (১ অক্টোবর) মহাষষ্ঠী দিয়ে শুরু হবে সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম ধর্মীয় উৎসব দুর্গাপূজা। ৫ অক্টোবর বিজয়া দশমীতে প্রতিমা বিসর্জনের মধ্যদিয়ে শেষ হবে এ উৎসব।

জানা যায়, এবার দেবী দুর্গা হাতির পিঠে চড়ে পৃথিবীতে আসবেন। এতে ঝড় বৃষ্টি হবে, শস্য-ফসল উৎপাদন বৃদ্ধি পাবে। অন্যদিকে বিদায় নেবেন নৌকায়। যার ফলে জগতের কল্যাণ সাধিত হবে।

এদিকে প্রতিবছরের ন্যায় এ বছরও দেবী দুর্গাকে বরণ করে নিতে সনাতন সম্প্রদায়ের মানুষজন অধীর আগ্রহে অপেক্ষায় রয়েছেন। মণ্ডপে মণ্ডপে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি মা দুর্গাকে বরণ নেওয়ার জন্য। এছাড়া বাঙালি হিন্দুদের ঘরে ঘরে পূজার প্রস্তুতিও প্রায় শেষ পর্যায়ে বলা যায়। সারা দেশে এখন বইছে উৎসবের আমেজ। ঢাক-ঢোল কাঁসা এবং শঙ্খের আওয়াজে মুখরিত হয়ে উঠেছে বিভিন্ন মণ্ডপ।

জানা গেছে, শনিবার সকাল সাড়ে ৭টায় কল্পারম্ভ এবং বোধন আমন্ত্রণ ও অধিবাসের মধ্যদিয়ে উৎসবের প্রথম দিন ষষ্ঠী পূজা সম্পন্ন হবে। এদিন সকাল থেকে চণ্ডীপাঠে মুখরিত থাকবে সব মণ্ডপ এলাকা। উৎসবের দ্বিতীয় দিন রোববার মহা সপ্তমীর পূজা অনুষ্ঠিত হবে সকাল সাড়ে ৬টায়। সোমবার মহা অষ্টমীর পূজা অনুষ্ঠিত হবে সকাল সাড়ে ৯টায় এবং বেলা ১১টায় অনুষ্ঠিত হবে কুমারী পূজা। সন্ধিপূজা শুরু হবে বিকেল ৪টা ৪৪ মিনিটে এবং শেষ হবে বিকেল সাড়ে ৫টার মধ্যে। মঙ্গলবার সকাল সাড়ে ৬টায় শুরু হবে নবমী পূজা। পুষ্পাঞ্জলি দেওয়া হবে সকাল সাড়ে ১০টায়। পরদিন বুধবার সকাল ৬ টা ৩০ মিনিটে দশমী পূজা শুরু, পুষ্পাঞ্জলি সকাল ৮টায় এবং পূজা সমাপন ও দর্পণ বিসর্জন হবে সকাল ৮টা ৫০ মিনিটের মধ্যে।

বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ সূত্রে জানা যায়, এবার সারা দেশে ৩২ হাজার ১৬৮টি মণ্ডপে শারদীয় দুর্গোৎসব উদযাপন করবে সনাতন ধর্মাবলম্বীরা। এসব মণ্ডপে শারদীয় উৎসব নির্বিঘ্নে উদযাপন করার জন্য প্রশাসনের পাশাপাশি প্রতিটি পূজা উদযাপন কমিটিও নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে। প্রতিটি মণ্ডপে মণ্ডপে লাগানো হচ্ছে সিসিটিভি ক্যামেরা এবং স্বেচ্ছাসেবক দলের কমিটি করা হচ্ছে মণ্ডপের নিরাপত্তার জন্য।

অন্যদিকে আইনশৃঙ্খলা রক্ষা বাহিনীর সূত্রে জানা যায়, এ বছরের শারদীয় দুর্গা উৎসব শান্তিপূর্ণভাবে যাতে সনাতন ধর্মাবলম্বীরা উদযাপন করতে পারে সেই জন্য কয়েক স্তর বিশিষ্ট নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। রাজধানী ঢাকাসহ সারা দেশের মণ্ডপগুলোতে নিরাপত্তা নিশ্চিতে র‌্যাব ও পুলিশ থাকবে। এছাড়াও প্রতিটি মণ্ডপে পূজার চলাকালে নিরাপত্তার কাজে আনসার সদস্যরা মোতায়েন থাকবেন।

ইউডি/অনিক

melongazi

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading