মালদ্বীপ লিগে সাফজয়ী অধিনায়ক সাবিনা খাতুন
উত্তরদক্ষিণ । শুক্রবার, ৩০ সেপ্টেম্বর ২০২২ । আপডেট ১৮:২০
সাফজয়ী জাতীয় নারী ফুটবল দলের অধিনায়ক সাবিনা খাতুন মালদ্বীপের লিগে পরিচিত এক নাম। বেশ কয়েকবারই তিনি ওই লিগে খেলেছেন। শুক্রবার (৩০সেপ্টেম্বর) আবারও মালদ্বীপ লিগে খেলতে ঢাকা ছেড়েছেন এই তারকা ফুটবলার।

নারী সাফ চ্যাম্পিয়নশিপ জয়ের পর থেকে সতীর্থরা সবাই যখন সংবর্ধনায় ব্যস্ত, তখন সাবিনাকে দ্রুত সব বাদ দিয়ে নতুন মিশনে যেতে হচ্ছে। এই বছরের ক্লাব মালদ্বীপ কাপে খেলতেই সেখানে ছুটে চলা সাফজয়ী অধিনায়কের। এক ফেসবুক পোস্টে বিমানবন্দরের ছবিসহ সেখানে সাবিনা লিখেন, ‘মালদ্বীপ যাচ্ছি। সবাই দোয়া করবেন।’ সাবিনার এবারে খেলতে যাওয়াটা অবশ্য তার ক্যারিয়ারের জন্য বিশেষ। প্রথম সাফজয়ী বাংলাদেশ অধিনায়ক হিসেবে খেলতে গেছেন।
প্রসঙ্গত, সাবিনা ২০১৫ সালে প্রথম খেলেছিলেন মালদ্বীপ ডিফেন্স ফোর্স ক্লাবে। এরপর ২০১৬ সালে দুবার খেলেছিলেন মালদ্বীপ আর্মির হয়ে লিগ ও ফুটসালে। গোলও করেছেন অনেক।
ইউডি/ সুপ্ত

