এবার আসছে ‘সৌদি আইডল’
উত্তরদক্ষিণ । শুক্রবার, ৩০ সেপ্টেম্বর ২০২২ । আপডেট ২১:৩০
আন্তর্জাতিক রিয়েলিটি শো ‘আইডল’-এর জনপ্রিয়তা বিশ্বজুড়েই। বিশেষ করে আমেরিকান আইডল ও ইন্ডিয়ান আইডল এই দুই রিয়েলিটি শো দর্শকদের পছন্দের শীর্ষে। এরই ধারাবাহিকতায় সৌদি আরবে প্রথমবারের মতো সৌদি আইডলের যাত্রা শুরু হতে যাচ্ছে। সৌদি আরবের সরকারি বিনোদন কর্তৃপক্ষ জেনারেল এন্টারটেইনমেন্ট অথরিটি (জিইএ) এবং মিডিয়া গোষ্ঠী এমবিসি গ্রুপের যৌথ উদ্যোগে আগামী ডিসেম্বরে এ সংগীত প্রতিযোগিতা শুরু হবে। সম্প্রতি আয়োজকেরা এ ঘোষণা দিয়েছেন।
জিইএ’র চেয়ারম্যান তুর্কি আল-শেখ এক টুইটার পোস্টে বলেন, আমি আনন্দের সঙ্গে ঘোষণা করছি যে জিইএ এবং এমবিসি গ্রুপ যৌথভাবে সৌদি আইডলের উদ্বোধন করতে যাচ্ছে। ২০২২ সালের ডিসেম্বরে এ অনুষ্ঠানের যাত্রা শুরু হবে।
এ সংগীত প্রতিযোগিতায় বিচারকের আসনে থাকবেন চারজন। তারা হলেন সৌদি সংগীতশিল্পী আসিল আবু বকর, আমিরাতের সংগীতশিল্পী ও অভিনয়শিল্পী আহলাম, জনপ্রিয় আরব শিল্পী আসালা (সিরীয় নাগরিক) ও ইরাকি-সৌদি সংগীতশিল্পী ও সুরকার মাজেদ আল মোহান্দিস। এমবিসির ট্রেন্ডিং শোতেও এ আয়োজন–সংক্রান্ত একটি ঘোষণা দেওয়া হয়েছে। বলা হয়েছে, সংগীত প্রতিযোগিতার প্রস্তুতি হিসেবে অক্টোবর থেকেই ভিডিও চিত্র ধারণ শুরু হবে।
ইউডি/সুপ্ত

