আজ থেকে নোবেল বিজয়ীদের নাম ঘোষণা শুরু
উত্তরদক্ষিণ । সোমবার, ০৩ অক্টোবর ২০২২ । আপডেট ১১:৪৫
আজ থেকে ২০২২ সালের নোবেল বিজয়ীদের নাম ঘোষণা শুরু হচ্ছে। প্রতিবছর অক্টোবরের প্রথম সোমবার থেকে নোবেল বিজয়ীদের নাম ঘোষণা করা হয়। নোবেল কমিটির ওয়েবসাইট থেকে এসব তথ্য পাওয়া গেছে।
প্রথম দিন আজ সোমবার (৩ অক্টোবর) চিকিৎসাশাস্ত্রে নোবেল বিজয়ীর নাম ঘোষণা করা হবে। এরপর আগামীকাল মঙ্গলবার (৪ অক্টোবর) পদার্থ বিজ্ঞানে নোবেল বিজয়ীর নাম ঘোষণা করা হবে। পরদিন বুধবার (৫ অক্টোবর) রসায়নে নোবেল বিজয়ীর নাম, বৃহস্পতিবার (৬ অক্টোবর) সাহিত্য এবং শুক্রবার (৭ অক্টোবর) শান্তিতে নোবেল বিজয়ীদের নাম ঘোষণা করে হবে। আগামী শনিবার ও রবিবার বিরতি দিয়ে সোমবার (১০ অক্টোবর) শেষ দিন অর্থনীতিতে নোবেল বিজয়ীর নাম ঘোষণা করা হবে।
২০২২ সালের বিজয়ীদের সঙ্গে ২০২০ ও ২০২১ সালের বিজয়ীদেরও আগামী ডিসেম্বরে সুইডেনের স্টকহোমে নোবেল সপ্তাহে আমন্ত্রণ জানিয়েছে নোবেল ফাউন্ডেশন।
সুইডেনের বিজ্ঞানী আলফ্রেড নোবেলের নামে ও তার রেখে যাওয়া অর্থে ১৯০১ সাল থেকে নোবেল পুরস্কার দেওয়া শুরু হয়। প্রতিবছর চিকিৎসা, পদার্থ, রসায়ন, সাহিত্য, শান্তি ও অর্থনীতি-এ ছয় শাখায় নোবেল দেওয়া হয়।
ইউডি/সুপ্ত

