পাকিস্তানকে নিয়ে শোয়েব আখতারের ভয়
উত্তরদক্ষিণ । সোমবার, ০৩ অক্টোবর ২০২২ । আপডেট ২৩:০০
অস্ট্রেলিয়ায় আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে পাকিস্তানকে নিয়ে দুশ্চিন্তা ভর করেছে দেশটির সাবেক তারকা পেসার শোয়েব আখতারের মনে। তার ভয়, প্রথম রাউন্ডেই না বাদ পড়ে বাবর আজমের দল।
ইংল্যান্ডের কাছে সদ্য সিরিজ হারের পর পাকিস্তানকে নিয়ে নিজের আশঙ্কা প্রকাশ করেছেন রাওয়ালপিণ্ডি এক্সপ্রেস। তার ইউটিউব চ্যানেলে বলেছেন, আমার ভয় হচ্ছে পাকিস্তান দল বিশ্বকাপের প্রথম রাউন্ডেই হয়তো বাদ পড়বে।
ব্যাটিংয়ে গভীরতার অভাব ও মিডল অর্ডারে অস্থিরতার কারণে পাকিস্তান দলকে নিয়ে এই দুশ্চিন্তা শোয়েবের। ৪৭ বছর বয়সী সাবেক পেসার বলেছেন, পাকিস্তানের মিডল অর্ডারের অবস্থা ভালো নয়। ওপেনাররা পারফর্ম করতে না পারলে মিডল অর্ডার চাপে পড়ছে। এভাবে তো বিশ্বকাপে খেলা যায় না যদি আপনি তা জিততে চান। এটা খুব দুঃখজনক।
বিশ্বকাপের দল ঘোষণায় নির্বাচক মোহাম্মদ ওয়াসিম ও কোচ সাকলাইন মুশতাককে নিয়ে সমালোচনা করেছেন শোয়েব, সমস্যা ছিল মিডল অর্ডার নিয়ে কিন্তু নির্বাচকরা সেই জায়গায় নজর দেয়নি। সেখানে কোনও পরিবর্তন আনেনি।’ ওয়াসিমকে নিয়ে তিনি বলেন, ‘যখন প্রধান নির্বাচক গড়পড়তার হয়, তখন তো সিদ্ধান্তও তেমনই গড়পড়তার হয়।
প্রসঙ্গত, বিশ্বকাপে পাকিস্তান বি গ্রুপে ইন্ডিয়া, দক্ষিণ আফ্রিকা, বাংলাদেশ ও প্রথম পর্ব খেলে আসা দুই দলের সঙ্গে লড়বে।
ইউডি/সুপ্ত

