আজ জাতীয় কন্যাশিশু দিবস
উত্তরদক্ষিণ ।মঙ্গলবার, ০৪ অক্টোবর ২০২২ । আপডেট ০৭:৩০
‘সময়ের অঙ্গীকার, কন্যাশিশুর অধিকার’- এ প্রতিপাদ্যকে সামনে রেখে নানা কর্মসূচির মধ্য দিয়ে আজ মঙ্গলবার (৪ অক্টোবর) ‘জাতীয় কন্যাশিশু দিবস ২০২২’ পালিত হবে। মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় এবং জাতীয় কন্যাশিশু অ্যাডভোকেসি ফোরাম জাতীয় কন্যাশিশু দিবস উপলক্ষে আলোচনা, পুরস্কার বিতরণ, সাংস্কৃতিক অনুষ্ঠান, ক্রোড়পত্র প্রকাশ, টক শো, পোস্টার মুদ্রণ, বিতর্ক প্রতিযোগিতা, কন্যাশিশু জার্নাল মুদ্রণ, কন্যাশিশু বার্তা প্রকাশ, চিত্রাঙ্কন প্রতিযোগিতা ও গোলটেবিল বৈঠকের আয়োজন করেছে। দিবসটি উপলক্ষ্যে রাষ্ট্রপতি মো: আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা পৃথক বাণী দিয়েছেন।
দিবসটি উপলক্ষে মহিলা বিষয়ক অধিদফতর আজ মঙ্গলবার বেলা আড়াইটায় আলোচনা সভা, পুরস্কার বিতরণী ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করেছে। মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
বিশ্ব শিশু দিবসের সঙ্গে মিলিয়ে শিশুর অধিকার, সুরক্ষা এবং শিশুর উন্নয়ন ও বিকাশে সংশ্লিষ্ট সবাইকে উদ্যোগী ও সচেতন করার লক্ষ্যে মঙ্গলবার (৪ অক্টোবর) থেকে ১১ অক্টোবর পর্যন্ত পালন করা হবে শিশু অধিকার সপ্তাহ। আর সপ্তাহব্যাপী এই কর্মসূচির সঙ্গে সমন্বয় করে আজ মঙ্গলবার (৪ অক্টোবর) জাতীয় কন্যা শিশু দিবসও উদযাপন করা হচ্ছে।
ইউডি/সুপ্ত

