ডেঙ্গু: আরও ৩ জনের মৃত্যু, আক্রান্ত ৫২৫
উত্তরদক্ষিণ । সোমবার, ০৩ অক্টোবর ২০২২ । আপডেট ১৭:৩৫
দেশে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে গত একদিনে আরও তিনজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে ডেঙ্গুতে মৃত্যু বেড়ে দাঁড়িয়েছে ৬১ জনে। এই সময় নতুন করে আরও ৫২৫ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। নতুনদের নিয়ে মশাবাহিত রোগটিতে মোট দুই হাজার ১৪৪ জন হাসপাতালে চিকিৎসাধীন আছেন।
সোমবার (৩ অক্টোবর) স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের ইনচার্জ ডা. মো. জাহিদুল ইসলাম স্বাক্ষরিত ডেঙ্গুবিষয়ক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গতকাল রবিবার (২ অক্টোবর) সকাল ৮টা থেকে সোমবার সকাল আটটা পর্যন্ত সারাদেশে ৫২৫ জন ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। নতুন ভর্তি হওয়া রোগীদের মধ্যে ৩৫২ জন ঢাকায় এবং ১৭৩ জন ঢাকার বাইরে চিকিৎসাধীন।

ডেঙ্গুতে আক্রান্ত হয়ে দেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে সর্বমোট দুই হাজার ১৪৪ জন ভর্তি রয়েছেন। তাদের মধ্যে ঢাকার ৪৭টি ডেঙ্গু ডেডিকেটেড হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন এক হাজার ৫৯৮ জন। এছাড়া ৫৪৬ জন ঢাকার বাইরে চিকিৎসাধীন।
স্বাস্থ্য অধিদফতরের তথ্যমতে, চলতি বছরের প্রথম দিন (১ জানুয়ারি) থেকে ৩ অক্টোবর পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন মোট ১৭ হাজার ৮২০ জন। এর মধ্যে সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন ১৫ হাজার ৬১৫ জন। চলতি বছর মৃত্যুবরণ করেছেন ৬১ জন।
ইউডি/সুপ্ত

