সয়াবিন তেলের দাম লিটারে কমলো ১৪ টাকা
উত্তরদক্ষিণ । সোমবার, ০৩ অক্টোবর ২০২২ । আপডেট ১৭:৪৫
সয়াবিন তেলের দাম লিটারপ্রতি ১৪ টাকা কমছে। এতে এক লিটারের বোতলজাত সয়াবিন তেলের দাম দাঁড়াবে ১৭৮ টাকা। বর্তমানে যা বিক্রি হচ্ছে ১৯২ টাকায়। আগামীকাল মঙ্গলবার (৪ অক্টোবর) থেকে নতুন দামে বাজারে সয়াবিন তেল বিক্রি হবে।
আজ সোমবার (৩ অক্টোবর) এ সংবাদ বিজ্ঞপ্তিতে সয়াবিন তেলের দাম কমানোর কথা জানায় বাংলাদেশ ভেজিটেবল ওয়েল রিফাইনার্স অ্যান্ড বনস্পতি ম্যানুফ্যারার্স অ্যাসোসিয়েশন। এছাড়াও পাঁচ লিটারের সয়াবিন তেল ৮৮০ টাকা ও খোলা সয়াবিন তেল ১৫৮ টাকা লিটার নির্ধারণ করা হয়েছে।
এর আগে সোমবার ভোজ্যতেল ব্যবসায়ীদের সংগঠনের নেতারা প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমান ও প্রধানমন্ত্রীর সিনিয়র সচিব তোফাজ্জল হোসেন মিয়ার সঙ্গে সাক্ষাৎ করেন। সেখানে ডলারের মূল্যবৃদ্ধি ও এলসি খোলার জটিলতা নিয়ে আলোচনার পাশাপাশি সয়াবিন তেলের দাম কমানোর বিষয়টিও আলোচিত হয়। এরপরই ঘোষণা আসে দাম কমানোর।
এর আগে গত ২৩ আগস্ট বোতলজাত সয়াবিন তেলের দাম লিটারে সাত টাকা বাড়িয়ে ১৯২ টাকা নির্ধারণ করে বাংলাদেশ ভেজিটেবল অয়েল রিফাইনার্স অ্যান্ড বনস্পতি ম্যানুফ্যাকচারার্স অ্যাসোসিয়েশন।
গত ১৭ জুলাই দেশে বোতলজাত সয়াবিন তেলের দাম কমানো হয়। তখন খোলা সয়াবিন তেল প্রতি লিটার ১৬৬ টাকা, বোতলজাত সয়াবিন তেল প্রতি লিটার ১৮৫ টাকা এবং পাঁচ লিটার বোতলজাত সয়াবিন তেলের দাম ৯১০ টাকা নির্ধারণ করা হয়।
ইউডি/সুপ্ত

