ইভিএমে ভোট হলে ক্ষতি নেই: রওশন এরশাদ
উত্তরদক্ষিণ । বৃহস্পতিবার, ০৬ অক্টোবর ২০২২ । আপডেট ১৫:৩০
জাতীয় সংসদের বিরোদী দলীয় নেতা রওশন এরশাদ বলেছেন, জাতীয় পার্টি (জাপা) নির্বাচনমুখী দল। তাই আগামী দ্বাদশ জাতীয় নির্বাচন ইভিএম পদ্ধতিতে হলে তাতে অংশ নেবে জাতীয় পার্টি। বৃহস্পতিবার (৬ অক্টোবর) সকাল ১১টার দিকে রাজধানীর বিজয়নগরের একটি হোটেলে আয়োজিত এক সংবাদ সম্মেলনে ভিডিও বার্তায় জাপা নেতা এসব কথা বলেন।
রওশনের এরশাদ বলেন, জাতীয় পার্টির নির্বাচনমুখী দল। দুর্দিনেও জাতীয় পার্টি নির্বাচনে অংশগ্রহণ করেছে। আগামী নির্বাচনেও জাতীয় পার্টি নির্বাচনে অংশগ্রহণ করবে। দেশের জনগণ আজ ফোর-জি, ফাইভ-জি ব্যবহার করছে। তথ্য প্রযুক্তিতে দেশে এগিয়ে যাচ্ছে। ইভিএম’এ ভোট হলে তাতে ক্ষতি নেই। আমরা ইভিএম’এ পদ্ধতিতে নির্বাচনে অংশগ্রহণ করব।
তিনি আরও বলেন, যারা নির্বাচনে জয়লাভ করেন তারা বলেন— নির্বাচন সুষ্ট হয়েছে। যারা হেরে যান তারা বলেন— কারচুপি হয়েছে। আমি মনে করি বাংলার মানুষ যাদের ভোট দেবে তারাই রাষ্ট্র পরিচালনা করবেন। দেশের জনগণ জাতীয় পার্টির সঙ্গে আছে এবং ভোট দেবে।
তিনি বলেন, জাতীয় পার্টির দুর্দিনে যেসব নেতাকর্মীরা প্রায়ত রাষ্ট্রপতি হুসেইন মুহম্মদ এরশাদকে আগলে রেখে দলকে সামনের দিকে এগিয়ে নিয়ে গিয়েছিলেন, আজ তাদের দল থেকে বহিষ্কার করা হচ্ছে। এটা খুবই দুঃখজনক। আগামী কাউন্সিলে সকল নেতাকর্মীদের দলে অন্তর্ভুক্ত করা হবে। বিরোধী দলীয় নেতা আরও বলেন, আমি সুস্থ। আমার কোনো সমস্যা নাই। আমি শিগগিরই দেশে ফিরব।
ইউডি/সুপ্ত

