‘‌বিনিয়োগকারীদের উচিত ঝুঁকি কম নিয়ে দীর্ঘমেয়াদি বিনিয়োগ করা’

‘‌বিনিয়োগকারীদের উচিত ঝুঁকি কম নিয়ে দীর্ঘমেয়াদি বিনিয়োগ করা’

উত্তরদক্ষিণ । বৃহস্পতিবার, ০৬ অক্টোবর ২০২২ । আপডেট ১৭:০০

বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) কমিশনার ড. রুমানা ইসলাম বলেছেন, পুঁজিবাজারে দীর্ঘমেয়াদি বিনিয়োগ খুবই কম। সবাই বিনিয়োগ কম সময়ে গেইন করতে চায়। রাতারাতি মুনাফা তুলে নিতে চায়। এ কারণে বেশি ক্ষতিগ্রস্ত হয় বিনিয়োগকারীরা। তাই বিনিয়োগকারীদের উচিত ঝুঁকি কম নিয়ে দীর্ঘমেয়াদি বিনিয়োগ করা। দীর্ঘমেয়াদে বিনিয়োগ করলে লাভবান হবেনই। বৃহস্পতিবার (৬ অক্টোবর) ‘বিশ্ব বিনিয়োগকারী সপ্তাহ’ উপলক্ষে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (সিএসই) আয়োজিত সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে
তিনি এসব কথা বলেন।

পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানিগুলোর উদ্যোক্তাদের সমালোচনা করে তিনি বলেন, আমাদের দেশের কোম্পানিগুলো প্রথম প্রজন্মের হাতে ভালো চললে কিন্তু সেকেন্ড জেনারেশনের (দ্বিতীয় প্রজন্ম) হাতে গেলেই কোম্পানিগুলো আর বেঁচে থাকতে পারে না। এগুলো কোনোরকম বেঁচে থাকে, ভালো কিছু করতে পারে না। তার কারণ হচ্ছে কোম্পানিগুলোতে সুশাসনের অভাব রয়েছে। এগুলো ঠিক করতে হবে।

অনুষ্ঠানে বিশেষ অতিথি বিএসইসির নির্বাহী পরিচালক সাইফুর রহমান বলেন, আপনার সঞ্চয়ের একটি অংশ পুঁজিবাজারে বিনিয়োগ করুন। তবে কখনো সব টাকা বিনিয়োগ করবেন না। সব বিনিয়োগকারীদের উচিত আপদকালীন ফান্ড রাখা। কারণ এই ফান্ড যদি না থাকে আর সব ফান্ড পুঁজিবাজারে বিনিয়োগ করে ফেলে, তাহলে যেকোনো জরুরি প্রয়োজন হলে ক্ষতি করে অর্থের যোগান দিতে হয়। কারণ আমরা চিন্তাভাবনা না করে সঞ্চয়ের সব টাকা পুঁজিবাজারে বিনিয়োগ করে ফেলি, কোনো কোনো ক্ষেত্রে লোন নিয়ে, সম্পদ বিক্রি করে পুঁজিবাজারে বিনিয়োগ করি। যেহেতু পুঁজিবাজার ঝুঁকির জায়গা, এ জন্য আমার বক্তব্য হলো- আপনারা সঞ্চয়ের একটা অংশ পুঁজিবাজারে বিনিয়োগ করুন।

সেমিনারে সভাপতিত্ব করেন সিএসইর চেয়ারম্যান আসিফ ইব্রাহিম। আলোচনা করেন সিএসইর ভারপ্রাপ্ত এমডি গোলাম ফারুক। মূলপ্রবন্ধ উপস্থাপন করেন চিফ রেগুলেটরি অফিসার (সিআরও) মোহাম্মদ মাহদী হাসান।

ইউডি/সুপ্ত

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading