এনআইডি হস্তান্তর নিয়ে মাথা ঘামাবে না ইসি
উত্তরদক্ষিণ । মঙ্গলবার, ১১ অক্টোবর ২০২২ । আপডেট ১৮:০০
নির্বাচন কমিশন থেকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে জাতীয় পরিচয়পত্র (এনআইডি) হস্তান্তরে সরকারের যে সিদ্ধান্ত তা নিয়ে কমিশন মাথা ঘামাবে না বলে জানিয়েছেন সিইসি কাজী হাবিবুল আউয়াল। মঙ্গলবার (১১ অক্টোবর) নির্বাচন কমিশনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এই কথা জানান।
কাজী হাবিবুল আউয়াল বলেন, এটা আমাদের বিষয় না। এটা সরকার, সংসদ ও রাষ্ট্রের বিষয়। আমরা এটা নিয়ে মাথা ঘামাবো না। আমরা ভোটার তালিকা তৈরি করব। সেই স্বচ্ছ ভোটার তালিকা দিয়ে নির্বাচন হবে। এনআইডি নিয়ে আমরা মাথা ঘামাবো না।
সিইসি বলেন, আমাদের নির্বাচন প্রক্রিয়ায় ভোটাররা যাতে ভোট দিতে পারেন, সেজন্য ভোটার তালিকা শুদ্ধ আছে কি না, যদি ইভিএমে ভোট হয় আঙ্গুলের ছাপ দিয়ে ভোট দিতে পারবে কি না, এগুলো আমাদের বিষয়।
ভোটার তালিকার সঙ্গে এনআইডি সংযোগের কোনো প্রয়োজন নেই জানিয়ে তিনি বলেন, আমাদের ভোটার তালিকার বাই প্রোডাক্ট হচ্ছে এনআইডি। এনআইডির বাই প্রোডাক্ট কিন্তু ভোটার তালিকা নয়। আমি পেপারে পড়লাম, যে শিশুটির জন্ম হবে সেও এনআইডি পাবে। এখন সরকার যদি একটা উদ্যোগ নিয়ে থাকে, সেখানে আমাদের প্রশংসা করা দরকার। এখন যদি নির্বাচন নিয়ে যেতে চায়, তখন আমি রিঅ্যাক্ট করবো, কথা বলবো। এনআইডি চলে যাওয়ায় যদি নির্বাচন প্রক্রিয়া বিঘ্নিত হয় তখন আমরা দেখবো।
জাতীয় পরিচয়পত্র (এনআইডি) তৈরির কাজটি নির্বাচন কমিশনের (ইসি) পরিবর্তে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা সেবা বিভাগের অধীনে আনার সিদ্ধান্ত নিয়েছে সরকার। অবশ্য আইন না হওয়া পর্যন্ত এই কাজ ইসির অধীনেই থাকবে।
ইউডি/সুপ্ত

