ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজ: কিউইদের বিপক্ষে টাইগারদের ‘মাস্ট উইন’ ম্যাচ আজ
উত্তরদক্ষিণ । বুধবার, ১২ অক্টোবর ২০২২ । আপডেট ০৭:১৫
ক্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজের ফাইনালে খেলার আশা বাঁচিয়ে রাখতে আজ ‘জিততেই হবে’ (মাস্ট উইন) ম্যাচে নিউজিল্যান্ডের মুখোমুখি হচ্ছে বাংলাদেশ। একই সঙ্গে জয়ের ধারায় ফিরতে মরিয়া টাইগাররা। বাংলাদেশ সময় সকাল ৮টায় শুরু হবে ম্যাচটি।
প্রথম পর্বে নিজেদের দুই ম্যাচে পাকিস্তান ও নিউজিল্যান্ডের কাছে হেরে ইতোমধ্যেই ব্যাকফুটে চলে গেছে সাকিব-লিটনরা। নিজেদের প্রথম ৩ খেলায় ২টি করে সমান জয়ে ৪ করে পয়েন্ট করে সংগ্রহ আছে পাকিস্তান এবং নিউজিল্যান্ডের। এতে ফাইনালের পথে অনেকটাই এগিয়ে এই দু’দল। অন্য দিকে এখনো জয়হীন রয়েছে টাইগাররা।
তবে গাণিতিকভাবে, এখনও ফাইনাল খেলার সুযোগ থাকছে টাইগারদের। যদিও ফাইনালের টিকিট পেতে হলে কঠিন পথ পাড়ি দিতে হবে তাদের। ফিরতি পর্বে নিউজিল্যান্ড ও পাকিস্তানের বিপক্ষে তো জিততেই হবে, সেই সঙ্গে অন্য দুই প্রতিপক্ষের বিপক্ষে রান রেটে এগিয়েও থাকতে হবে। কিন্তু প্রথম দুই ম্যাচে খারাপ ব্যাটিং পারফরমেন্সে রান রেটে অনেকখানি পিছিয়ে পড়েছে তারা।
নিজেদের প্রথম ম্যাচে পাকিস্তানের কাছে ২১ রানে হারে বাংলাদেশ। ১৬৮ রানের টার্গেটে খেলতে নেমে ৮ উইকেটে ১৪৬ রান করে টাইগাররা। নিউজিল্যান্ডের বিপক্ষে দ্বিতীয় ম্যাচেও বাজে ব্যাটিং পারফরমেন্স অব্যাহত থাকে বাংলাদেশের। প্রথমে ব্যাট করে ৮ উইকেটে ১৩৭ রান করে তারা। ১৩৮ রানের সহজ টার্গেট সহজেই স্পর্শ করে ফেলে নিউজিল্যান্ড। এতে ৮ উইকেটে ম্যাচ হারে নিউজিল্যান্ড।
বাংলাদেশকে হারায় পাকিস্তান-নিউজিল্যান্ড উভয় দলই। তবে একে অপরের বিপক্ষে দু’বারের মোকাবেলায় একবার করে ম্যাচ জিতেছে পাকিস্তান-নিউজিল্যান্ড। প্রথম ম্যাচে নিউজিল্যান্ডের বিপক্ষে ৬ উইকেটে জিতে পাকিস্তান। আর মঙ্গলবার পাকিস্তানকে ৯ উইকেটে হারায় নিউজিল্যান্ড।
ইউডি/সুপ্ত

