গাইবান্ধা-৫ আসনের উপনির্বাচন আজ

গাইবান্ধা-৫ আসনের উপনির্বাচন আজ

উত্তরদক্ষিণ । বুধবার, ১২ অক্টোবর ২০২২ । আপডেট ০৭:০০

গাইবান্ধা-৫ (ফুলছড়ি-সাঘাটা) আসনে উপনির্বাচনে ভোট হবে আজ বুধবার। প্রথমবারের মতো আসনটিতে ইলেকট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) পদ্ধতিতে ভোট দেবেন ভোটাররা। দুই উপজেলার ১৪৫টি কেন্দ্রে আজ সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত একটানা চলবে ভোটগ্রহণ। এরই মধ্যে ভোটগ্রহণে সব ধরনের প্রস্তুতি শেষ করেছে নির্বাচন কমিশন। প্রতিটি কেন্দ্র ও কক্ষে বসানো হয়েছে এক হাজার ২৪২টি সিসিটিভি ক্যামেরা।

মঙ্গলবার (১১ অক্টোবর) কেন্দ্রে কেন্দ্রে পাঠানো হয়েছে ইভিএমসহ নির্বাচনি সব সরঞ্জাম। ফুলছড়ি ও সাঘাটা উপজেলা নির্বাচন কার্যালয় থেকে এসব সরঞ্জাম সংশ্লিষ্ট কেন্দ্রের প্রিসাইডিং কর্মকর্তাদের কাছে হস্তান্তর করা হয়। গাইবান্ধা-৫ আসনটি ফুলছড়ি ও সাঘাটা উপজেলা নিয়ে গঠিত। এ দুই উপজেলার ১৭টি ইউনিয়নে মোট ভোটার ৩ লাখ ৩৯ হাজার ৭৪৩ জন। ১৪৫টি কেন্দ্রে এসব ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন।

সুষ্ঠুভাবে ভোটগ্রহণে সব ধরনের প্রস্তুতির কথা জানিয়েছেন নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা ও রাজশাহী আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা মো. সাইফুল ইসলাম। তিনি গণমাধ্যমকে জানান, ভোট গ্রহণের জন্য কেন্দ্রগুলোতে ইভিএমসহ প্রয়োজনীয় মালামাল বিতরণ করা হয়েছে। প্রতিটি কেন্দ্রে পুলিশ ও আনসার সদস্যের নিরাপত্তার পাশাপাশি আইনশৃঙ্খলা পরিস্থিতি এবং সার্বিক অবস্থা সম্পর্কে জানতে ১৪৫টি ভোট কেন্দ্রে স্থাপন করা হয়েছে এক হাজার ২৪২টি সিসি ক্যামেরা। যা পর্যবেক্ষণের জন্য উচ্চ পর্যায়ের মনিটরিং সেল গঠন করেছে নির্বাচন কমিশন।

এ ছাড়া নির্বাচনের দিন যেকোনও অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে কঠোর নিরাপত্তা ব্যবস্থা জোরদারের কথা জানিয়েছেন পুলিশ সুপার মো. তৌহিদুল ইসলাম। তিনি গণমাধ্যমকে বলেন, শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণ শেষ করতে বিজিবি, র্যাবের মোবাইল টিম, পুলিশের মোবাইল টিম ও স্ট্রাইকিং ফোর্সের পাশাপাশি মাঠে থাকবেন নির্বাহী ম্যাজিস্ট্রেট এবং জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট।

আসনটিতে ৫ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। তারা হলেন ক্ষমতাসীন দল আওয়ামী লীগের নৌকা প্রতীকে মাহমুদ হাসান রিপন (নৌকা), জাতীয় পার্টির এ এইচ এম গোলাম শহীদ রনজু (লাঙ্গল), বিকল্পধারা বাংলাদেশের জাহাঙ্গীর আলম (কুলা), স্বতন্ত্র প্রার্থী নাহিদুজ্জামান নিশাদ (আপেল) ও সৈয়দ মাহবুবুর রহমান (ট্রাক) প্রতিদ্বন্দ্বিতা করছেন। তবে মূল লড়াইয়ের আভাস নৌকা আর লাঙ্গলের মধ্যে।

ইউডি/সুপ্ত

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading