সাংবাদিক আফতাব হত্যা মামলা: ৫ জনের ফাঁসি বহাল

সাংবাদিক আফতাব হত্যা মামলা: ৫ জনের ফাঁসি বহাল

উত্তরদক্ষিণ । বুধবার, ১২ অক্টোবর ২০২২ । আপডেট ১৩:০৫

একুশে পদকপ্রাপ্ত সাংবাদিক আফতাব আহমেদ হত্যা মামলায় বিচারিক আদালতে দেয়া ৫ জনের ফাঁসির সাজা বহাল রেখেছেন হাইকোর্ট। অপর আসামির ৭ বছরের দণ্ডও বহাল রেখেছেন আদালত। বুধবার (১২ অক্টোবর) ডেথ রেফারেন্স ও আসামিদের আপিলের ওপর শুনানি করে এ রায় ঘোষণা করেন বিচারপতি জাহাঙ্গীর হোসেন সেলিম ও বিচারপতি মো. বশির উল্লাহর সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ।

মৃত্যুদণ্ড পাওয়া পাঁচ আসামি হলেন— বিল্লাল হোসেন কিসলু, হাবিব হাওলাদার, রাজু মুন্সি, রাসেল এবং গাড়িচালক হুমায়ুন কবির মোল্লা। অপর আসামি সবুজ খানকে সাত বছর কারাদণ্ড ও ১০ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়।

এদিন আদালতে রাষ্ট্রপক্ষে শুনানিতে ছিলেন রাষ্ট্রের প্রধান আইন কর্মকর্তা অ্যাটর্নি জেনারেল এ এম আমিন উদ্দিন। অপরদিকে আসামিপক্ষে ছিলেন সিনিয়র আইনজীবী অ্যাডভোকেট খন্দকার মাহবুব হোসেন, অ্যাডভোকেট এস এম শাহজাহান ও হেলাল উদ্দিন মোল্লা।

একুশে পদকপ্রাপ্ত ফটো সাংবাদিক আফতাব আহমেদকে হত্যার ঘটনায় করা মামলায় ডেথ রেফারেন্স ও আসামিদের করা আপিল আবেদনের ওপর শুনানি শুরু হয় গত ৩ অক্টোবর। ওই দিন আদালতে রাষ্ট্রপক্ষের ডেপুটি অ্যাটর্নি জেনারেল সামিরা তারানুম মিতি পেপারবুক থেকে রায়ের পুরো অংশ পাঠ করে শোনান। এর ফলে হত্যাকাণ্ডের আট বছর ১০ মাস পরে উচ্চ আদালতে বহুল আলোচিত এই মামলার আপিলের শুনানি আনুষ্ঠানিকভাবে শুরু হয়।

২০১৭ সালে ২৮ মার্চ একুশে পদকপ্রাপ্ত প্রবীণ ফটো সাংবাদিক আফতাব আহমেদকে হত্যার দায়ে পাঁচ আসামির মৃত্যুদণ্ড দিয়ে রায় দেন বিচারিক আদালত। পাশাপাশি অপর একজনকে সাত বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে। ঢাকার চার নম্বর দ্রুতবিচার ট্রাইব্যুনালের বিচারক আবদুর রহমান সরদার এই মামলার রায় ঘোষণা করেন।

২০০৬ সালে একুশে পদক পাওয়া আফতাব দীর্ঘদিন ইত্তেফাকের জ্যেষ্ঠ আলোকচিত্রী হিসেবে কাজ করেতেন। তার গ্রামের বাড়ি রংপুরের গঙ্গাচড়ায়। ঢাকার পশ্চিম রামপুরার ৬৩ নম্বর হোল্ডিংয়ে একটি চারতলা ভবনের তৃতীয় তলার বাসায় থাকতেন তিনি। তার দুই সন্তানের মধ্যে ছেলে মনোয়ার আহমেদ থাকেন যশোরে। আর মেয়ে আফরোজা আহমেদ তার স্বামী ফারুক আহমেদের সঙ্গে থাকেন গাজীপুরে। ২০১৩ সালের ২৪ ডিসেম্বর রাতে নিজের বাসায় খুন হন ৭৮ বছর বয়সী আফতাব। পরদিন সকালে পুলিশ তার হাত-পা বাঁধা লাশ উদ্ধার করে। নিহতের শ্যালক মনোয়ার আহমদ সাগর ওই ঘটনায় রামপুরা থানায় অজ্ঞাতপরিচয় আসামিদের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করেন। তদন্ত চলাকালে আফতাবের গাড়ি চালক মো. হুমায়ুন কবীরসহ পাঁচজনকে গ্রেফতার করে র‍্যাব। পরে আসামি হাবিব, বিল্লাল ও হুমায়ুন আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দিও দেন।

ইউডি/সুপ্ত

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading