জনসাধারণকে সঙ্গে নিয়েই আন্দোলন করছে বিএনপি: মির্জা ফখরুল ইসলাম
উত্তরদক্ষিণ । শুক্রবার, ১৪ অক্টোবর ২০২২ । আপডেট ১৬:৩০
বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, বিএনপি জনসাধারণকে সঙ্গে নিয়েই আন্দোলন করছে। বিএনপির সকল সংগ্রামের ইস্যু এবং কর্মসূচি যথেষ্ট গণসম্পৃক্ত ও জনস্বার্থ সংশ্লিষ্ট। বিএনপির নেতা-কর্মী ও জনসাধারণকে আসতে সরকারি বাধা সত্ত্বেও চট্টগ্রামের মহাসমাবেশ সফল হয়েছে। এই সরকারের পতন না ঘটা পর্যন্ত আমাদের আন্দোলন কোনও বাধার মুখেই থামবে না। শুক্রবার (১৪ অক্টোবর) দুপুরে ঠাকুরগাঁওয়ের কালিবাড়িতে নিজ বাসভবনে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন।
মির্জা ফখরুল আরও বলেন, আগামীকাল ময়মনসিংহে বিএনপির মহাসমাবেশের যে কর্মসূচি রয়েছে তা ভণ্ডুল করতে আওয়ামী লীগ তার আসল চেহারা নিয়ে বেরিয়েছে। তারা শহরের কৃষ্ণচূড়া চত্বরে আরেকটি সমাবেশের কর্মসূচি দিয়েছে, যা সম্পূর্ণ অযৌক্তিক, অগণতান্ত্রিক ও স্বৈরাচারী মনোভাবের পরিচয় বহন করে। আর এই অগণতান্ত্রিক কাজে রাষ্ট্রকে ব্যবহার করতে গিয়ে তারা পুরো রাষ্ট্রকেই অগণতান্ত্রিক ও ফ্যাসিবাদী রাষ্ট্রে পরিণত করেছে। আমরা একা নই, এখন জাতীয় পার্টির প্রধান নেতৃত্বও বলছে, বর্তমান সরকার একনায়কতান্ত্রিক।’
জাতিসংঘ মানবাধিকার পরিষদে সর্বোচ্চ ভোট পেয়ে বাংলাদেশের সদস্য হওয়া প্রসঙ্গে মির্জা ফখরুল বলেন, এটা ভালো হয়েছে। কারণ এতে করে মানবাধিকার লংঘনের অপরাধে আরও বেশি করে আন্তর্জাতিক জবাবদিহি ও নজরদারির আওতায় এই শাসক শ্রেণিকে আসতে হচ্ছে। তবে এই ঘটনা দ্বারা মোটেই এটা প্রমাণ হয় না যে, দেশে মানবাধিকার পরিস্থিতির উন্নতি ঘটেছে। বরং বাংলাদেশকে যারা ভোট দিয়েছেন, সেরকম অনেক দেশেরই অভ্যন্তরে গণতন্ত্রের চিহ্নমাত্র নেই।
ইউডি/সুপ্ত

