ডেঙ্গু: আরও ৩১০ জন হাসপাতালে ভর্তি

ডেঙ্গু: আরও ৩১০ জন হাসপাতালে ভর্তি

উত্তরদক্ষিণ । শুক্রবার, ১৪ অক্টোবর ২০২২ । আপডেট ১৭:০০

ডেঙ্গুতে আক্রান্ত হয়ে সারাদেশে গত একদিনে আরও ৩১০ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। এ নিয়ে মোট দুই হাজার ৭১৫ জন হাসপাতালে চিকিৎসাধীন। তবে এ সময় নতুন করে কোনো মৃত্যু হয়নি।

শুক্রবার (১৪ অক্টোবর) স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের ইনচার্জ ডা. মো. জাহিদুল ইসলাম স্বাক্ষরিত ডেঙ্গুবিষয়ক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বৃহস্পতিবার (১৩ অক্টোবর) সকাল ৮টা থেকে শুক্রবার একই সময়ের মধ্যে সারাদেশে নতুন করে আরও ৩১০ জন ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। নতুন ভর্তি হওয়া রোগীদের মধ্যে ১৯৭ জন ঢাকায় এবং ১১৩ জন ঢাকার বাইরে চিকিৎসাধীন।

এ নিয়ে বর্তমানে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে দেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে সর্বমোট দুই হাজার ৭১৫ জন ভর্তি রয়েছেন। তাদের মধ্যে ঢাকার ৫১টি ডেঙ্গু ডেডিকেটেড হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন এক হাজার ৯১৬ জন। এছাড়া ৭৯৯ জন ঢাকার বাইরে চিকিৎসাধীন।

স্বাস্থ্য অধিদফতরের তথ্যমতে, চলতি বছরের প্রথম দিন (১ জানুয়ারি) থেকে ১৩ অক্টোবর পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন মোট ২৩ হাজার ৫৯২ জন। এর মধ্যে সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন ২০ হাজার ৭৯৪ জন। আর এখন পর্যন্ত মৃত্যুবরণ করেছেন ৮৩ জন।

২০২০ সালে করোনা মহামারিকালে ডেঙ্গুর সংক্রমণ তেমন একটা দেখা না গেলেও ২০২১ এ সারাদেশে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হন ২৮ হাজার ৪২৯ জন। একই বছর ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ১০৫ জনের মৃত্যু হয়েছিল।

ইউডি/সুপ্ত

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading