কাতার বিশ্বকাপ: ফ্রেঞ্চদের দুঃসংবাদ
উত্তরদক্ষিণ । শনিবার, ১৫ অক্টোবর ২০২২ । আপডেট ১৪:৩০
২০১৮ রাশিয়া বিশ্বকাপে ফ্রান্সের অন্যতম সেরা খেলোয়াড় ছিলেন এনগোলো কান্তে। পল পগবাকে সঙ্গে নিয়ে দুর্দান্ত এক মধ্যমাঠ গড়েন এই ফ্রেঞ্চ। আরও একটি বিশ্বকাপ ঘনিয়ে আসছে। কাতার বিশ্বকাপের পর্দা উঠতে বাকি আর মাস খানেক। এর আগেই দুঃসংবাদ ফ্রেঞ্চদের। হ্যামস্ট্রিং ইনজুরির কারণে বিশ্বকাপ থেকেই ছিটকে যেতে পারেন এনগোলো কান্তে।
চেলসির হয়ে অনুশীলনের সময় হ্যামস্ট্রিং ইনজুরিতে পড়েন কান্তে। প্রায় তিন মাস ধরে মাঠের বাইরে রয়েছেন তিনি। আর নতুন এই ইনজুরি সেই অপেক্ষা আরও দীর্ঘ করছে। চেলসির ইংলিশ কোচ গ্রাহাম পটার জানিয়েছেন কান্তের ইনজুরির অবস্থা ভালো নয়।শেষবার গত ১৪ আগস্ট টটেনহাম হটস্পার্সের বিপক্ষে মাঠে নেমেছিলেন কান্তে। এরপর ইনজুরিতে পড়ে দীর্ঘ সময় ধরেই মাঠের বাইরে তিনি। যদিও এই সময়ে অনুশীলনে ফিরেছিলেন তিনি কিন্তু এরপরেই নতুন করে আবারও ইনজুরিতে পড়েন কান্তে। চেলসি কোচ পটার বলেন, এই সপ্তাহেই সে (কান্তে) পরামর্শকের সঙ্গে আলোচনা করবে। এটা খুবই খারাপ ব্যাপার আর আমি এই ব্যাপারে কোনো ভালো সংবাদ দিতে পারছি না। আমি এই ব্যাপারে বেশি কিছু জানাতে পারছি না।
চোট থেকে সেরে কান্তে কবে ফিরবেন, তা নিয়ে নিশ্চিত কিছু জানা যায়নি। তবে ফরাসি সংবাদমাধ্যম এলইকুইপ বলছে, আরও অন্তত দুই সপ্তাহ তাকে বাইরে থাকতে হবে। যদি এ খবর সত্যি হয়, তবে এই ফরাসি তারকাকে সব মিলিয়ে আরও ৫ ম্যাচ বাইরে থাকতে হতে পারে। তবে ফিরেও খুব একটা স্বস্তিতে থাকবেন না কান্তে। কারণ, ৯ নভেম্বর বিশ্বকাপের দল ঘোষণা করবেন ফ্রান্সের কোচ দিদিয়ের দেশম। এর আগে নিজের ফিটনেস আর ছন্দে থাকার পরীক্ষা দিতে মাত্র একটি ম্যাচই পাবেন। ৬ নভেম্বর প্রিমিয়ার লিগের ম্যাচে আর্সেনালের মুখোমুখি হবে চেলসি। আর যেদিন দেশম দল ঘোষণা করবে, সেদিন সন্ধ্যায় কারাবাও কাপের ম্যাচে ম্যানচেস্টার সিটির মুখোমুখি হবে ব্লুজরা।
ইউডি/সুপ্ত

