শার্শা সীমান্ত থেকে ৫ কেজি স্বর্ণ উদ্ধার
উত্তরদক্ষিণ । শনিবার, ১৫ অক্টোবর ২০২২ । আপডেট ১৪:২০
যশোরের শার্শা সীমান্ত এলাকা থেকে ৪৩টি স্বর্ণের বার (৫ কেজি ১৪ গ্রাম) উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরা। এসময় পাচারকারীরা স্বর্ণের বার ফেলে পাশ্ববর্তী ইছামতি নদীতে ঝাপ দিয়ে পালিয়ে যায়।
শুক্রবার (১৪ অক্টোবর) রাত ৯ টার সময় শার্শা উপজেলার অগ্রভুলোট সীমান্ত থেকে স্বর্ণের এ চালানটি আটক করা হয়। চালান জব্দ করা হয়। পলাতক চিহ্নিত আসামিরা হলেন শার্শা উপজেলার পাঁচ ভুলোট এলাকার মিজানের ছেলে আব্দুল্লাহ ও একই এলাকার আব্দুল গফুরের ছেলে রিপন।
খুলনা ২১ বর্ডার গার্ড ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্ণেল মোহাম্মদ তানভীর রহমান (পিএসসি, ইঞ্জিনিয়ার্স) জানান, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি শার্শার অগ্রভুলোট সীমান্ত দিয়ে বিপুল পরিমাণ স্বর্ণের চালান ভারতে পাচার হবে। এমন সংবাদের ভিত্তিতে বিজিবির একটি বিশেষ টহল দল উত্তর অগ্রভুলোট নামক স্থানে নদীর পাড়ে অবস্থান নেয়। কিছু সময় পর তিন জন ব্যক্তি টহল দলের নিকটবর্তী হলে বিজিবি টহল দল তাদেরকে সন্দেহজনকভাবে থামতে বললে তারা স্বর্ণের ব্যাগ ফেলে দৌড়ে ইছামতি নদীতে ঝাপ দেয়। এ সময় ব্যাগের ভিতর তল্লাশি করে ৫ কেজি ১৪ গ্রাম ওজনের মোট ৪৩ পিস স্বর্ণের বার উদ্ধার করা হয়। যার আনুমানিক বাজার মূল্য তিন কোটি ৪৯ লাখ ৫৯ হাজার ৫৩৪ টাকা। পলাতক পাচারকারীদের আটকের চেষ্টা চলছে। চোরাচালান প্রতিরোধে খুলনা ২১ বর্ডার গার্ড ব্যাটালিয়ন সর্বদা তৎপরতা রয়েছে বলে তিনি জানান।
উল্লেখ্য, চলতি বছরে খুলনা ব্যাটালিয়নের দায়িত্বাধীন সীমান্ত এলাকা হতে ১৩টি অভিযানে ১৫ জন আসামীসহ ২৮ কেজি ৮৮৫ গ্রাম স্বর্ণ আটক করা হয়েছে। যার বাজার মূল্য ২০ কোটি ৭৩ লাখ ৬১ হাজার ৫৩৪ টাকা। এর মধ্যে আগস্ট মাসে ৪টি, সেপ্টেম্বর মাসে ৬টি ও চলতি অক্টোবর মাসে একটি স্বর্ণের চালান আটক করা হয়।
ইউডি/জয়নাল/সুস্মিত

