ডেঙ্গু: আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৭৩৪
উত্তরদক্ষিণ । শনিবার, ১৫ অক্টোবর ২০২২ । আপডেট ২১:৪০
এডিস মশাবাহিত ডেঙ্গুতে আক্রান্ত হয়ে গত একদিনে সারাদেশে আরও ছয়জনের মৃত্য হয়েছে। এতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৮৯ জনে। এই সময়ে ৭৩৪ জন হাসপাতালে ভর্তি হয়েছে। এ নিয়ে মশাবাহিত রোগটিতে মোট দুই হাজার জন ৮৮৯ হাসপাতালে চিকিৎসাধীন।
শনিবার (১৫ অক্টোবর) স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের ইনচার্জ ডা. মো. জাহিদুল ইসলাম স্বাক্ষরিত ডেঙ্গুবিষয়ক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়, শুক্রবার (১৪ অক্টোবর) সকাল ৮টা থেকে শনিবার একই সময়ের মধ্যে সারাদেশে নতুন করে আরও ৭৩৪ জন ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। নতুন ভর্তি হওয়া রোগীদের মধ্যে, ৪৬৮ জন ঢাকায় এবং ২৬৬ জন ঢাকার বাইরে চিকিৎসাধীন।
এ নিয়ে বর্তমানে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে দেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে সর্বমোট দুই হাজার ৮৮৯ জন ভর্তি রয়েছেন। তাদের মধ্যে ঢাকার ৫১টি ডেঙ্গু ডেডিকেটেড হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন এক হাজার ৯৯২ জন। এছাড়া ৮৯৭ জন ঢাকার বাইরে চিকিৎসাধীন।
স্বাস্থ্য অধিদফতরের তথ্য মতে, চলতি বছরের প্রথম দিন (১ জানুয়ারি) থেকে ১৩ অক্টোবর পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন মোট ২৪ হাজার ৩২৬ জন। এর মধ্যে সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়া পেয়েছেন ২১ হাজার ৩৪৮ জন। আর এখন পর্যন্ত মৃত্যুবরণ করেছেন ৮৯ জন।
ইউডি/সুপ্ত

