টি-টোয়েন্টি বিশ্বকাপ: টাইগারদের ভাবনায় কী ?
উত্তরদক্ষিণ । শনিবার, ১৫ অক্টোবর ২০২২ । আপডেট ২২:৩০
নিউজিল্যান্ডে ত্রিদেশীয় সিরিজে একটিও ম্যাচ জেতা হয়নি বাংলাদেশের। চার ম্যাচের সবগুলোতেই হারতে হয়েছে। টি-টোয়েন্টি বিশ্বকাপের ঠিক আগের এই টুর্নামেন্টে ‘পরীক্ষা-নিরীক্ষা’ চালিয়েছে বাংলাদেশ। উদ্বোধনী জুটি বদলেছে, সিরিজ শেষে স্কোয়াডেও এসেছে দুই পরিবর্তন। বাংলাদেশের টি-টোয়েন্টি টেকনিক্যাল পরামর্শক শ্রীধরন শ্রীরাম মনে করছেন, অনেক কিছু শিখেছেন তারা। শনিবার (১৫ অক্টোবর) নিউজিল্যান্ড থেকে অস্ট্রেলিয়ায় পৌঁছায় বাংলাদেশ দলের ক্রিকেটাররা।

এরপর শ্রীরাম বলেছেন, অনেক কিছু শিখেছি, নিজেদের খেলোয়াড়দের ব্যাপারে জেনেছি, কন্ডিশনের সঙ্গে মানিয়ে নিয়েছি। অনেক কিছু শিখেছি।তিনি আরও বলেন, আমরা এই ব্যাপারে পরিষ্কার, জানি কোন দলটা সেরা। সেরা দল একটা না, এটা বদলায়। সঠিক দলের বিপক্ষে ঠিক ম্যাচ আপটা দরকার। কিন্তু আমাদের মাথায় সেরা কম্বিনেশনের ব্যাপারটা পরিষ্কার। ত্রিদেশীয় সিরিজ থেকে বাংলাদেশ কী পেল জানতে চাইলে শ্রীরাম বলেছেন,ছেলেরা অনেক আত্মবিশ্বাস পেয়েছে, যেভাবে আমরা রান করেছি। স্কোর দেখুন, তিন দলই কাছাকাছি ছিল। এমনকি আমরা পাকিস্তানের বিপক্ষে ফাইনালে খেলা নিউজিল্যান্ডের চেয়ে বেশি রান করেছি।

এদিকে, অধিনায়ক সাকিব আল হাসান অন্য এক প্রসঙ্গ নিয়ে কথা বলেছেন। কম দিন তো আর খেলছেন না, প্রায় দেড়যুগ হলো আন্তর্জাতিক ক্রিকেটে সাকিব আল হাসানের পথচলা। এবার অস্ট্রেলিয়া টি-টোয়েন্টি বিশ্বকাপে ১১ বছর পর বিশ্বমঞ্চে দলকে নেতৃত্বও দেবেন। কিন্তু এত দীর্ঘ পথচলাতেও কখনো অস্ট্রেলিয়ায় আন্তর্জাতিক টি-টোয়েন্টি খেলেননি সাকিব।
এ নিয়ে আফসোস তার থাকারই কথা। বিশ্বকাপ শুরুর আগে শনিবার (১৫ অক্টোবর) মেলবোর্নে হয়েছে ‘ক্যাপ্টেন্স মিডিয়া ডে’। ১৬ দেশের প্রতিনিধিই ছিলেন সেখানে। বাংলাদেশের প্রতিনিধি হয়ে যাওয়া সাকিব আল হাসানের কাছে অনুষ্ঠানের শেষদিকে সঞ্চালকের প্রশ্ন, কেমন হবে আপনাদের খেলার ধরণ? জবাবে সাকিব বলেছেন, আমাদের দলটা রোমাঞ্চকর। দলের বেশিরভাগ ক্রিকেটারই নতুন। এটা তাদের জন্য দারুণ অভিজ্ঞতা হবে। আমরা সবাই অস্ট্রেলিয়ায় প্রথমবারের মতো আন্তর্জাতিক টি-টোয়েন্টি খেলব। তিনি আরও বলেন, আমরা খুব ভালো প্রস্তুতি নিয়েছি। ক্রাইস্টচার্চে আমরা খুব ভালো দুটি দলের বিপক্ষে চারটি ম্যাচ খেলেছি। অস্ট্রেলিয়ায় ভালো করতে কী করতে হবে, সেটা আমরা এখন জানি। ভালো করতে পর্যাপ্ত প্রস্তুতিও আছে আমাদের।
ইউডি/সুপ্ত

