চমক দিয়ে শুরু টি-টোয়েন্টি বিশ্বকাপ: এশিয়ান কিং লঙ্কাকে উড়িয়ে দিলো নামিবিয়া

চমক দিয়ে শুরু টি-টোয়েন্টি বিশ্বকাপ: এশিয়ান কিং লঙ্কাকে উড়িয়ে দিলো নামিবিয়া

উত্তরদক্ষিণ । রবিবার, ১৬ অক্টোবর ২০২২ । আপডেট ১৩:৩০

ক’দিন আগেই এশিয়ার মুকুট মাথায় পড়েছিলো তারুণ্যে সেরা শ্রীলঙ্কা। বিশ্বকাপের প্রথম পর্বের ম্যাচ গুলো ওদের জন্য তাই সুপার-১২ এর প্রস্তুতি হিসেবেই ধরা হয়েছিলো। কিন্তু প্রথম ম্যাচেই বড় অঘটন। নামিবিয়ার কাছে ৫৫ রানের বড় ব্যবধানে হেরে বিশ্বকাপ মুরু করলো দানুস শানাকার দল।

রবিবার (১৬ অক্টোবর) গিলংয়ের কার্ডিনিয়া ওভালে বিশ্বকাপ যাত্রা শুরুর ঠিক আগে দিলশান মাদুশাঙ্কাকে হারিয়ে বসে শ্রীলঙ্কা। বাজে শুরুর ইঙ্গিতটাও কি পাওয়া হয়ে গিয়েছিল তাতে? টস জিতে নামিবিয়াকে ব্যাটিংয়ের নামানোর পর প্রায় ১৫ ওভার ছিল লঙ্কানদেরই আধিপত্য। ১৪.২ ওভারে ৯৩ রানে তুলে নিতে পারে ষষ্ঠ উইকেট। কিন্তু ফরম্যাটটা টি-টোয়েন্টি হওয়ায় আত্মতুষ্টিতে ভুগলে তো আর চলে না। যার প্রমাণ শেষ ৫ ওভার! দুই নামিবিয়ান পাওয়ার হিটার জ্যান ফ্রাইলিঙ্ক ও জেজে স্মিট পুরো ম্যাচের গতিপথ বদলে দেন শেষ দিকে। শেষ ৫ ওভারে তারা বিধ্বংসী ব্যাটিংয়ে তুলেছেন ৬৮টি রান! রান আউটে শেষ বলে আউট হওয়া ফ্রাইলিঙ্ক ২৮ বলে করেছেন সর্বোচ্চ ৪৪। তাতে ছিল ৪টি চার। স্মিটের স্ট্রাইকরেট ছিল আরও বেশি। ১৬ বলের ক্যামিও ইনিংসে ৩১ রানে অপরাজিত থেকেছেন। তাতে ছিল ২টি চার ও ২টি ছয়।তাদের বিধ্বংসী ভূমিকায় ৭ উইকেটে নামিবিয়া করেছে ১৬৩। শেষ ৪ ওভারে ৫৭ রান উঠায় লজ্জার রেকর্ডেও নাম উঠেছে লঙ্কানদের। টি-টোয়েন্টি বিশ্বকাপে ডেথ ওভারে দ্বিতীয় সর্বোচ্চ রান তারা হজম করেছে।

লঙ্কানদের হয়ে ৩৭ রানে দুটি উইকেট নিয়েছেন প্রমোদ মাদুশান। একটি করে নিয়েছেন মাহিশ থিকশানা, দুশমন্থ চামিরা, চামিকা করুনারত্নে ও ওয়ানিন্দু হাসারাঙ্গা। জবাবে পাওয়ার প্লেতেই লঙ্কান দল বিপদে পড়ে যায়। ২১ রানের মধ্যে সাজঘরে ফেরেন কুশল মেন্ডিস (৬), পাথুম নিসাঙ্কা (৯) ও দানুশকা গুনাথিলাকা (০)। এর পেছনে বড় অবদান ছিল পেসার বেন শিকোঙ্গোর। দুটি উইকেট নিয়েছেন এই সময়।

বিপদের সময় বড় জুটির প্রয়োজনীয়তা দেখা দিলেও ধনাঞ্জয়া, রাজাপাকশে ও অধিনায়ক দাসুন শানাকা তা মেটাতে পারেননি। ধনাঞ্জয়ার সঙ্গে ১৯ রানের জুটি গড়েন রাজাপাকশে। তার পর অধিনায়ক শানাকা-রাজাপাকশে যোগ করেন ৩৪ রান। তাদের বিদায়ের পর হারের দিকে এগিয়েছে লঙ্কানদের ইনিংস। রাজাপাকশে ২১ বলে ২০ রান করেছেন আর শানাকা ২৩ বলে করেছেন ২৯। ১৯ ওভারে ১০৮ রানেই শ্রীলঙ্কা গুটিয়ে গেছে।

১৬ রানে দুটি উইকেট নিয়েছেন ডেভিড উইজে। ১৮, ২২ ও ২৬ রানে সমসংখ্যক উইকেট নিয়েছেন যথাক্রমে বের্নার্ড স্কল্টজ, বেন শিকোঙ্গো ও জ্যান ফ্রাইলিঙ্কও। ব্যাট-বলে অলরাউন্ড নৈপুণ্যে অবদান রাখায় ম্যাচসেরা হয়েছেন ফ্রাইলিঙ্ক।

ইউডি/সুপ্ত

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading