আমেরিকা-ইরান চুক্তির পথে বড় বাঁধা নেতানিয়াহু: দ্য গার্ডিয়ান
উত্তরদক্ষিণ। শুক্রবার, ০৫ জুন, ২০২৬, আপডেট ১৫:৪৪
আমেরিকা ও ইরানের মধ্যে শান্তিচুক্তির পথে এখন বড় বাঁধা হয়ে দাঁড়িয়েছেন ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। ব্রিটিশ গণমাধ্যম দ্য গার্ডিয়ানের মতে, যুদ্ধই এখন নেতানিয়াহুর রাজনৈতিক ক্যারিয়ার দীর্ঘ করার পথ। এ কারণেই মধ্যপ্রাচ্য সংকটকে কাজে লাগাতে নেতানিয়াহু ইরান সংঘাত দীর্ঘায়িত করতে চাচ্ছেন বলে জানিয়েছে গণমাধ্যমটি।
আমেরিকা-ইরানের সংঘাতের আগুনে ঘি ঢেলে নিজের স্বার্থ হাসিলে মেতেছেন ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। গেল কয়েকমাসে নেতানিয়াহুকে বেশ কয়েকবার ধমক দিয়ে থামানোর চেষ্টা করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প। কিন্তু কিছুতেই থামানো যাচ্ছে না তাকে।
ব্রিটিশ গণমাধ্যম দ্যা গার্ডিয়ানের তথ্যমতে, নেতানিয়াহুর পুরো রাজনৈতিক ক্যারিয়ারই টিকে আছে যুদ্ধের ওপর ভর করে। বিশ্লেষকদের মতে, এই যুদ্ধ কোনও বিজয় বা নিরাপত্তার জন্য নয়, বরং হামাস, হিজবুল্লাহ ও ইরানের কাছ থেকে প্রতিনিয়ত আসা ধ্বংসের হুমকিকে জিইয়ে রাখা।
বিশ্লেষকদের মতে, নেতানিয়াহু বর্তমানে অভ্যন্তরীণ রাজনৈতিক চাপে রয়েছেন। নেসেটে পার্লামেন্ট ভেঙে দেয়ার বিলের প্রথম ধাপ পাস হওয়ার পর শিগগিরিই নির্বাচনের সম্ভাবনা তৈরি হয়েছে। একই সঙ্গে ইরান, গাজা ও লেবাননে দীর্ঘস্থায়ী সংঘাতের কারণে তার জনপ্রিয়তাও কমছে।
অন্যদিকে হরমুজ প্রণালী বন্ধ করে বৈশ্বিক তেল বাণিজ্যের একটি বড় অংশের ওপর চাপ সৃষ্টি করেছে ইরান। এতে আন্তর্জাতিক জ্বালানি বাজার অস্থির হয়ে উঠেছে এবং আমেরিকাও অর্থনৈতিক চাপের মুখে পড়েছে।
উভয়পক্ষই আলোচনার প্রয়োজনীয়তা অনুভব করলেও, লেবানন ফ্রন্টে ইসরাইলের পদক্ষেপ এবং নেতানিয়াহুর রাজনৈতিক হিসাব-নিকাশ এখনো একটি সম্ভাব্য আমেরিকা-ইরান চুক্তির পথে বড় অনিশ্চয়তা হয়ে রয়েছে।
ইউডি/রেজা

