সুর পাল্টেছেন মাস্ক: ইউক্রেনে স্পেসএক্সের স্টারলিংক সেবা বিনা খরচেই

সুর পাল্টেছেন মাস্ক: ইউক্রেনে স্পেসএক্সের স্টারলিংক সেবা বিনা খরচেই

উত্তরদক্ষিণ । রবিবার, ১৬ অক্টোবর ২০২২ । আপডেট ২০:৩০

আবারও সুর পাল্টেছেন টেসলা ও স্পেসএক্স প্রধান ইলন মাস্ক। ইউক্রেনে স্পেসএক্সের স্টারলিংক সেবা বিনা খরচেই চালু রাখবেন বলে টুইট করেছেন বিশ্বে শীর্ষ ধনী। স্পেসএক্স আর্থিক ক্ষতির মুখে পড়লেও ‘ফ্রি’-তে ইউক্রেন সরকারকে সেবা দেয়া অব্যাহত রাখার কথা বলেছেন মাস্ক।

তিনি বলেন, যা হওয়ার হবে … যদিও স্টারলিংক পয়সা খোয়াচ্ছে আর অন্য কোম্পানিগুলো পাচ্ছে করদাতাদের শতকোটি ডলার, আমরা ইউক্রেন সরকারকে বিনা খরচে সমর্থন দিয়ে যাবো।

সম্প্রতি সিএনএনের একটি প্রতিবেদনের জেরে নতুন করে সমালোচনার মুখে পড়েছিলেন মাস্ক। ওই প্রতিবেদনে সিএনএন জানিয়েছে, ইউক্রেনে বিদ্যমান স্টারলিংক টার্মিনালের খরচ বহন এবং আরও নতুন টার্মিনাল পাঠানোর সক্ষমতা নেই জানিয়ে পেন্টাগনকে সেই খরচ দিতে বলেছে স্পেসএক্স। ২০২২ সালের বাকি কয়েক মাসে স্টারলিংক সেবা চালু রাখার খরচ সাড়ে ১২ কোটি ডলার হতে পারে বলে পেন্টাগনকে জানিয়েছে স্পেসএক্স; আগামী ১২ মাসে খরচ হতে পারে ৩৮ কোটি ডলার।

প্রতিবেদন প্রকাশের পর মাস্ক টুইট করেছিলেন, স্পেসএক্স ইউক্রেইনে ‘অনির্দিষ্টকালের জন্য’ স্টারলিংক সেবা দিতে পারবে না। পরের আরেক টুইটে মাস্ক দাবি করেন, ইউক্রেনে স্টারলিংক চালু ‍রাখতে প্রতি মাসে ২ কোটি ডলার করে খোয়াচ্ছে তার কোম্পানি।

ইউক্রেন-রাশিয়া যুদ্ধ প্রসঙ্গে অক্টোবর মাসের শুরু থেকেই বিতর্কের জন্ম দিয়ে আসছেন মাস্ক। দুই পক্ষের মধ্যে শান্তির প্রতিষ্ঠার লক্ষ্যে চার শর্ত দিয়ে টুইট করেছিলেন অক্টোবর মাসের শুরুতেই। মাস্কের ‘পরামর্শগুলো’ কার্যত রাশিয়ার পক্ষে দালালির চেহারা পাওয়ায় ব্যাপক সমালোচনার মুখে পড়েন তিনি।

ইউডি/সুপ্ত

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading