মন্ত্রণালয় থেকে করা হচ্ছে সিসিটিভি নজরদারি, সুষ্ঠুভাবে চলছে এসএসসি ও সমমান পরীক্ষা

মন্ত্রণালয় থেকে করা হচ্ছে সিসিটিভি নজরদারি, সুষ্ঠুভাবে চলছে এসএসসি ও সমমান পরীক্ষা

উত্তরদক্ষিণ। মঙ্গলবার, ২১ এপ্রিল, ২০২৬, আপডেট ১২:৫৫

শিক্ষা মন্ত্রণালয়ের সরাসরি সিসিটিভি নজরদারির মধ্যেই সারা দেশে শুরু হওয়া এসএসসি ও সমমান পরীক্ষা সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হচ্ছে। প্রথম দিনেই কেন্দ্রগুলোতে এখন পর্যন্ত কোনো ধরনের বিশৃঙ্খলার খবর পাওয়া যায়নি বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

মূলত, এবারের পরীক্ষায় প্রথমবারের মতো প্রতিটি কেন্দ্রের কক্ষে সিসিটিভি ক্যামেরা স্থাপন করা হয়েছে। এসব ক্যামেরার নিয়ন্ত্রণ ও তথ্য সংরক্ষণ ব্যবস্থা রাখা হয়েছে শিক্ষা মন্ত্রণালয়ের অধীনে, যার মাধ্যমে কেন্দ্রগুলোর সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণ করা হচ্ছে।

একইসঙ্গে পরীক্ষা-সংক্রান্ত নির্দেশনায় বলা হয়েছে, সিসিটিভি ক্যামেরায় ধারণ করা ভিডিও সংরক্ষণ করে রাখতে হবে এবং প্রতি সাত দিন পর পর সংশ্লিষ্ট শিক্ষা বোর্ডে তা পাঠাতে হবে।

এদিকে আজ প্রথম দিনের পরীক্ষা এখন পর্যন্ত সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হচ্ছে বলে জানিয়েছে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড, ঢাকা। মঙ্গলবার (২১ এপ্রিল) বেলা পৌনে বারোটায় বোর্ডের কন্ট্রোল রুমে দায়িত্বে থাকা এক উপ-পরীক্ষা নিয়ন্ত্রক গণমাধ্যমকে বলেন, সুন্দরভাবে পরীক্ষা হচ্ছে। কোন ধরনের বিশৃঙ্খলার খবর পাওয়া যায়নি।

তিনি আরও বলেন, শিক্ষা মন্ত্রণালয় থেকে সিসিটিভি ক্যামেরার মাধ্যমে সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণ করা হচ্ছে। কেন্দ্রগুলোতে শৃঙ্খলা বজায় রাখতে সংশ্লিষ্টদের সতর্ক অবস্থানে রাখা হয়েছে এবং পরীক্ষার্থীরাও শান্ত পরিবেশে পরীক্ষায় অংশ নিচ্ছেন।

এর আগে, সকাল ১০টা থেকে দেশের ৩ হাজার ৮৮৫টি কেন্দ্রে একযোগে শুরু হয়েছে এসএসসি ও সমমানের পরীক্ষা। এতে অংশ নিয়েছে সারা দেশের ৩০ হাজার ৬৬৬টি স্কুল, মাদরাসা ও কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানের সাড়ে ১৮ লাখের বেশি পরীক্ষার্থী। পরীক্ষা শেষ হবে দুপুর ১টায়।

প্রকাশিত সময়সূচি অনুযায়ী, ৯টি সাধারণ শিক্ষা বোর্ডে প্রথম দিনে বাংলা প্রথম পত্র পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে। এছাড়া মাদরাসা বোর্ডের অধীনে দাখিলে কোরআন মাজিদ ও তাজভিদ এবং কারিগরি বোর্ডের অধীনে এসএসসি (ভোকেশনাল) ও দাখিল (ভোকেশনাল) পরীক্ষায় বাংলা-২ বিষয়ের পরীক্ষা নেওয়া হচ্ছে।

ইউডি/রেজা

melongazi

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading