পশ্চিম জেরুজালেমকে স্বীকৃতি দেবে না অস্ট্রেলিয়া
উত্তরদক্ষিণ । মঙ্গলবার, ১৮ অক্টোবর ২০২২ । আপডেট ১৮:২০
ইসরায়েলের রাজধানী হিসেবে পশ্চিম জেরুজালেমকে স্বীকৃতি দেবে না অস্ট্রেলিয়া। মঙ্গলবার (১৮ অক্টোবর) এ খবর জানিয়েছে আন্তর্জাতিক বার্তা সংস্থা।
অস্ট্রেলিয়ার সাবেক প্রধানমন্ত্রী স্কট মরিসন সরকারের নেয়া সিদ্ধান্ত থেকে সরে আসার কথা জানিয়েছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী পেনি ওং। এক বিবৃতিতে পেনি ওং বলেন, সরকার আজ অস্ট্রেলিয়ার পূর্ববর্তী ও দীর্ঘস্থায়ী অবস্থান পুনরায় নিশ্চিত করছে যে- জেরুজালেম কার নিয়ন্ত্রণে থাকবে বা কী হবে, সেটি একটি চূড়ান্ত ইস্যু। এটি ইসরায়েল ও ফিলিস্তিনি জনগণের মধ্যে যেকোনো শান্তি আলোচনার মাধ্যমে নির্ধারিত হওয়া উচিত।
তিনি বলেন, অস্ট্রেলিয়ার আগের সরকারের সিদ্ধান্তের (জেরুজালেমকে রাজধানী স্বীকৃতি দেওয়া) কারণে আমাদের নাগরিকরা দুর্দশার মধ্যে পড়েছে। আমরা এটি সমাধান করার চেষ্টা করছি।
২০১৮ সালে পশ্চিম জেরুজালেমকে ইসরায়েলের রাজধানী স্বীকৃতি দেয়ার সিদ্ধান্ত নেওয়ায় সময় ফিলিস্তিনি অধিকারপন্থীদের ব্যাপক সমালোচনার মুখে পড়ে অস্ট্রেলিয়া। আমেরিকা ওই সময় তাদের ইসরায়েলের দূতাবাস পশ্চিম জেরুজালেমে স্থানান্তর করে। স্কট মরিসনও তখন অস্ট্রেলিয়ার হাইকমিশন তেলআবিব থেকে পশ্চিম জেরুজালেমে স্থানান্তরের আগ্রহ প্রকাশ করেন।
ইউডি/সুপ্ত

