টি-টোয়েন্টি বিশ্বকাপ: দু’বারের চ্যাম্পিয়ন উইন্ডিজকে বিদায় করল আয়ারল্যান্ড
উত্তরদক্ষিণ । শুক্রবার, ২১ অক্টোবর ২০২২। আপডেট ১৩:৪৫
দু’বারের টি-টোয়েন্টি বিশ্বকাপ চ্যাম্পিয়ন উইন্ডিজ চলতি আসরে সুপার টুয়েলভের উঠতে ব্যর্থ হলো। অস্ট্রেলিয়া বিশ্বকাপের প্রথম পর্ব থেকেই বিদায় নিলো নিকোলোস পুরানের দল। প্রথম পর্বের বাঁচা-মরার লড়াইয়ে শুক্রবার (২১ অক্টোবর) ক্যারিবিয়দের ৯ উইকেটের বিশাল ব্যবধানে হারিয়ে সুপার টুয়েলভ নিশ্চিত করলো আয়ারল্যান্ড।
হোবার্টে টস জিতে ব্যাট করতে নামে উইন্ডিজ। স্কটল্যান্ডের বিপক্ষে হেরে আসর শুরু করা দলটি মাঝারি সংগ্রহ তোলে। চারে নামা ব্রেন্ডন কিং-এর হার না মানা ৬২ রানের ইনিংসে ভর করে ৫ উইকেটে ১৪৬ রান তোলে। কিং ৪৮ বলে ছয়টি চার ও এক ছক্কায় ওই রান তোলেন। এছাড়া ক্যারিবীয়দের হয়ে ওপেনার জনসন চার্লস ১৮ বলে ২৪ রান করেন। তিনে নেমে এভিন লুইস ১৮ বল খেলে ১৩ রান করতে পারেন। অধিনায়ক পুরান ১৩ ও ওডেন স্মিথ ১৯ রান যোগ করেন।

জবাব দিতে নেমে আয়ারল্যান্ড উড়ন্ত শুরু করে। ওপেনিং জুটিতে অধিনায়ক আন্দ্রে বালব্রেইনি ও পল র্স্টালিং ৭.৩ ওভারেই ৭৩ রান যোগ করেন। বালব্রেইনি ২৩ বলে তিনটি করে চার ও ছক্কার শটে ৩৩ রান করেন। তাদের ওই জুটিতেই বিদায় লেখা হয়ে যায় ওয়েস্ট ইন্ডিজের। বাড়ির পথ এগিয়ে দেন র্স্টালিং। তিনি খলেন ৪৮ বলে ৬৬ রানের ঝকঝকে ইনিংস। ৩২ বছর বয়সী এই ওপেনারের ব্যাট থেকে ছয়টি চার ও দুটি ছক্কা বেরোয়। তিনে নামা উইকেটরক্ষক লরকান টাকারের সঙ্গে ৭৬ রান যোগ করেন ডানহাতি ওপেনার। টাকার করেন ৩৫ বলে ৪৫ রান। দুটি করে চার ও ছক্কা তোলেন এই ব্যাটার।
ইউডি/সুপ্ত

