শরীরের চাহিদার কথা জানাবে পোশাক!
উত্তরদক্ষিণ । শুক্রবার, ২১ অক্টোবর ২০২২। আপডেট ১৩:৩০
পোশাক কাজ করবে মাইক্রোফোনের মতো। রেকর্ড করবে শরীরের ভিতরের বিভিন্ন ধরনের শব্দ। বলবে মনের কথা, জানান দিবে লুকিয়ে থাকা রোগের কথা। এমনটাই দাবি করেছেন আমেরিকার একদল বিজ্ঞানী।
ম্যাসাচুসেটস ইনস্টিটিউট অফ টেকনোলজি বা এমআইটির কয়েক জন গবেষক রোডস আইল্যান্ড স্কুল অফ ডিজাইনের পোশাকশিল্পীদের সঙ্গে যৌথ ভাবে তৈরি করেছেন এই বিশেষ পোশাক। তাদের দাবি, এই পোশাক এমন ভাবে শুনবে ঠিক যে ভাবে কান শব্দ শুনে বুঝতে পারে, কোনটি কিসের আওয়াজ, এই পোশাকও কিছুটা সে ভাবেই কাজ করবে। শুধু শরীরের ভিতরেরই নয়, চারপাশের বিভিন্ন আওয়াজও ধরা পড়বে এই পোশাকে।
পোশাকটি তৈরিতে এক বিশেষ ধরনের ফাইবার ব্যবহার করা হয়েছে। এই ফাইবার ‘পাইজোইলেকট্রিক’ উপাদান দিয়ে তৈরি। এই উপাদান শব্দের ফলে সৃষ্ট কম্পনকে বৈদ্যুতিক সঙ্কেতে রূপান্তরিত করতে পারে। শুধু বিভিন্ন ধরনের শব্দ চিহ্নিত করাই নয়, বিজ্ঞানীদের দাবি, এই তন্তু ব্যবহার করে খুঁজে বার করা যেতে পারে শব্দের উৎসও।
বিজ্ঞানীদের আশা, ভবিষ্যতে এই বিশেষ সুতোয় তৈরি পোশাক চিকিৎসাবিজ্ঞানের ক্ষেত্রে খুলে দিতে পারে নতুন দিকও। উদাহরণ হিসাবে বলা যায়, কোনও ব্যক্তি যদি হৃদযন্ত্রের সমস্যায় ভোগেন, তবে এই পোশাকে ধরা পড়ে যাবে হৃদ্স্পন্দনের গোলমাল। ফলে শরীরের চাহিদা অনুযায়ী চিকিৎসা করতে পারবেন চিকিৎসকেরা।
ইউডি/সুপ্ত

