চীনকে প্রয়োজন বিশ্বের: শি জিনপিং
উত্তরদক্ষিণ । রবিবার, ২৩ অক্টোবর ২০২২। আপডেট ১৪:০০
বিশ্বের চীনকে প্রয়োজন বলে মন্তব্য করেছেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। দেশটির ক্ষমতাসীন কমিউনিস্ট পার্টির ২০তম কংগ্রেস অধিবেশনে তৃতীয়বারের জন্য দেশের প্রেসিডেন্ট হিসাবে নির্বাচিত হওয়ার পর জিনপিং এ মন্তব্য করেন। রবিবার (২৩ অক্টোবর) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে আন্তর্জাতিক বার্তাসংস্থা।
প্রতিবেদনে বলা হয়েছে, চীনের ক্ষমতাসীন কমিউনিস্ট পার্টির কংগ্রেস শেষে বেইজিংয়ের গ্রেট হল অব দ্য পিপলে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন প্রেসিডেন্ট শি জিনপিং। জিনপিং বলেন, আপনারা আমাদের ওপর যে আস্থা রেখেছেন তার জন্য আমি পুরো পার্টিকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাতে চাই। একইসঙ্গে কমিউনিস্ট পার্টি ও মানুষ যে আস্থা রেখেছে তা প্রমাণ করার জন্য দায়িত্ব পালনে নিষ্ঠার সাথে কাজ করার প্রতিশ্রুতিও দিয়েছেন তিনি।
চীনের প্রেসিডেন্ট হিসাবে তৃতীয় মেয়াদে শি জিনপিংয়ের যাত্রা এখন নিশ্চিত। তবে সেটি আগামী মার্চ মাসে চীনা সরকারের বার্ষিক আইনসভা অধিবেশনের সময় আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হবে। এক দশক আগে চীনের প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নিয়েছিলেন শি জিনপিং। এরপর থেকে আধুনিক চীনা শাসকদের মধ্যে মাও সেতুংয়ের পর শি জিনপিংই ক্ষমতার এতোটা কেন্দ্রে এসেছেন।
ইউডি/সুপ্ত

