বান্দরবানের আরও দুই উপজেলায় পর্যটক ভ্রমনে নিষেধাজ্ঞা
উত্তরদক্ষিণ । রবিবার, ২৩ অক্টোবর ২০২২। আপডেট ১৯:১৫
রুমা ও রোয়াংছড়ির পর এবার বান্দরবান জেলার আরও দুই উপজেলায় আগামী ৩০ অক্টোবর পর্যন্ত পর্যটকদের ভ্রমনে নিষেধাজ্ঞা জারি করেছে স্থানীয় প্রশাসন। বিষয়টি নিশ্চিত করেছেন জেলার থানছি উপজেলা নির্বাহী অফিসার মো. আবুল মনসুর ও আলিকদম উপজেলা নির্বাহী অফিসার মেহরুবা ইসলাম। রবিবার (২৩ অক্টোবর) স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক (উপসচিব) লুৎফুর রহমানের স্বাক্ষরিত এক গণবিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়।
বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, বান্দরবান আলীকদম ও থানচি উপজেলায় সশস্ত্র বিছিন্নতাবাদী সন্ত্রাসীদের উপস্থিতির বিষয়ে সু- নির্দ্দিষ্ট তথ্য সংগ্রহের জন্য সদর দফতর বান্দরবান রিজিয়ন, সেনানিবাসের ২২ শে অক্টোবর ১৪০/৩১/জিএস (ইন্ট) পত্রের আলোকে বান্দরবান রিজিয়ন কর্তৃক আধিপত্য বিস্তার মূলক টহল কার্যক্রম পরিচালনা এবং গোয়েন্দা তৎপরতা অব্যাহত রাখার লক্ষ্যে পর্যটকদের নিরাপত্তার বিষয়টি বিবেচনাকরতঃ বান্দরবান পার্বত্য জেলা আলীকদম ও থানচি উপজেলায় স্থানীয় ও বিদেশী পর্যটকদের ভ্রমণ ২৩ অক্টোবর হইতে ৩০ শে অক্টোবর পর্যন্ত নিষিদ্ধ ঘোষণা করা হয়।
উল্লেখ্য যে গত ১৭ অক্টোবর রুমা ও রোয়াংছড়ি উপজেলায় অনির্দিষ্ট কালের জন্য পর্যটক ভ্রমণে নিষেধাজ্ঞা দিয়েছিল প্রশাসন।
ইউডি/সুপ্ত

