ইনিংস বড় করতে মরিয়া শান্ত
উত্তরদক্ষিণ । মঙ্গলবার , ২৫ অক্টোবর ২০২২। আপডেট ২২:০০
নাজমুল হোসেন শান্তর বিশ্বকাপ দলে অন্তর্ভুক্তি নিয়ে আলোচনা-সমালোচনা কম হয় নি। শেষতক শান্ত শুধু দলেই জায়গা করে নেন নি পাশাপশি সেরা একাদশেও তিনিই ছিলেন। নেদারল্যান্ডসের বিপক্ষে সৌম্যর সঙ্গে ওপেনিংয়ে নেমে দারুণ শুরুও পেয়েছিলেন তিনি। তবে, বড় ইনিংস গড়ার আক্ষেপ নিয়েই ২০ বলে ২৫ রানের ইনিংস শেষ করেন এই টপ অর্ডার। ভুল-ত্রুটি পেছনে ফেলে পরবর্তী ম্যাচে বড় রান করার প্রত্যয় তার। তিনি বলেন, আমার মনে হয়, সামনের ম্যাচে ইনশাল্লাহ হবে।
বিশ্বকাপ অভিযানের প্রথম চ্যালেঞ্জে এবার বাংলাদেশকে ভালো শুরু এনে দেওয়ার অন্যতম কারিগর তিনি। সৌম্য সরকারের সঙ্গে মিলে বেলেরিভ ওভালে ৫ ওভারে তোলেন ৪৩ রান। টি-টোয়েন্টি ক্রিকেটে আগের টানা ৩০ ম্যাচে বাংলাদেশের কোনো উদ্বোধনী জুটি এত ভালো শুরু পায়নি।
টি-টোয়েন্টিতে শান্তর ব্যাটিংয়ের নিয়মিত চিত্র এটি। এই নিয়ে টি-টোয়েন্টিতে টানা ৭ ইনিংসে দুই অঙ্ক স্পর্শ করলেন তিনি, ৫টিতেই ছাড়ালেন ১৫ রান। কিন্তু সর্বোচ্চ ইনিংসটি কেবল ৩৭ রানের। টি-টোয়েন্টিতে তার আগের একটি ইনিংস আছে ৪০ রানের। ১৩ ম্যাচের ক্যারিয়ারে সেটিই এখনও পর্যন্ত সর্বোচ্চ। বারবার ভালো শুরু করেও আউট হয়ে ফেরার সঙ্গে যেন নিয়তি বেঁধে নিয়েছেন তিনি।
তার বিশ্বাস আর আশ্বাসের কতটা বাস্তবায়িত হবে, সেটির উত্তর মিলবে আগামী বৃহস্পতিবার সিডনিতে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে। তবে দেশের ক্রিকেটে আপাতত তাকে নিয়ে প্রশ্নের শেষ নেই। সংবাদমাধ্যমে সমালোচনা থেকে শুরু করে সাম্প্রতিক সময়ে সামাজিক মাধ্যমে সবচেয়ে ট্রলের শিকার ক্রিকেটার হয়তো তিনিই। শান্ত বলেন, আমার মনে হয়, আমাকে নিয়ে আলোচনা খুব একটা গুরুত্বপূর্ণ নয়। ম্যাচ আমরা জিতেছি, এটা বেশি গুরুত্বপূর্ণ। খুব ভালো একটি শুরু হয়েছে। আশা করব, সামনের ম্যাচগুলিও আমরা এভাবে চেষ্টা করব ভালো খেলার।
ইউডি/সুপ্ত

