পার্থে স্টইনিস তাণ্ডব: শ্রীলঙ্কাকে হারিয়ে অজিদের প্রথম জয়
উত্তরদক্ষিণ । মঙ্গলবার , ২৫ অক্টোবর ২০২২। আপডেট ২০:৫০
২০২২ টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার টুয়েলভের ম্যাচে মঙ্গলবার (২৫ অক্টোবর) পার্থে ৭ উইকেটের জয় তুলে নিয়েছে বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া। শুরুতে ব্যাট করে ৬ উইকেটে ১৫৭ রান সংগ্রহ করে লঙ্কানরা। জবাবে ৩ উইকেট হারিয়ে ২১ বল হাতে রেখেই জয় তুলে নিয়েছে ফিঞ্চবাহিনী। মার্কাস স্টইনিস খেলেন অপরাজিত ১৮ বলে ৫৯ রানের টনের্ডো এক ইনিংস।
নিয়ন্ত্রিত বোলিংয়ে শ্রীলঙ্কাকে বড় সংগ্রহ গড়তে দিলেন না অস্ট্রেলিয়ার বোলাররা। কিন্তু জবাব দিতে নেমে লঙ্কান বোলারদের তোপের মুখে রান তুলতে হিমশিম খাচ্ছিলেন অজি ব্যাটাররাও। এমনকি দলে এত বিধ্বংসী ব্যাটার থাকা সত্ত্বেও তারা পাওয়ার প্লেতে কোনো বাউন্ডারিই হাঁকাতে পারেনি। অবশ্য শেষদিকে মার্কাস স্টইনিসের ঝড়ে সহজ জয় তুলে নেয় স্বাগতিকরা।
এর আগে, পার্থ স্টেডিয়ামে টস জিতে শ্রীলঙ্কাকে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানায় অস্ট্রেলিয়া। ব্যাটিংয়ে নেমে শুরুতেই ধাক্কা খায় শ্রীলঙ্কা। দলীয় ৬ রানে প্যাট কামিন্সের এক্সট্রা বাউন্সে ধরাশায়ী হয়ে মিড উইকেটে ক্যাচ দিয়ে সাজঘরে ফেরেন লঙ্কান ওপেনার মেন্ডিস ৫(৬)। শুরুর ধাক্কা সামলে জুটি গড়েন পাথুম নিশানকা ও ধনাঞ্জয়া ডি সিলভা। যদিও অসি পেসারদের সামনে রান তুলতে ভুগছিলেন তারা। পাওয়ার প্লে তে শ্রীলঙ্কা তোলে মাত্র ৩৬ রান। এই জুটি থিতু হলেও স্কোর বাড়েনি। দুজনে মিলে গড়েন ৫৮ বলে ৬৯ রানের জুটি।
দলীয় ৭৫ রানে অ্যাগারের বলে এক্সট্রা কাভারে ক্যাচ দিয়ে ফেরেন সিলভা ২৬(২৩)। উইকেটে নেমেই চারিত আসালাঙ্কা রান রেট বাড়াতে সহায়তা করেন। লঙ্কানদের ৯৭ রানে পাথুম নিশানকা ৪০(৪৫) ও ১০৬ রানে ভানুকা রাজাপক্ষে ৭(৫) আউট হলে আবার রান রেট কমতে থাকে। শেষ পর্যন্ত আসালাঙ্কার ব্যাটে চড়ে ১৫৭ রানের পুঁজি পায় শ্রীলঙ্কা। ২৫ বলে ৩ চার ও ২ ছক্কায় ৩৮ রান করেন তিনি।
ইউডি/সুপ্ত

