নিজস্ব গবেষণা ব্যতীত যুগোপযোগী চিকিৎসাসেবা প্রতিষ্ঠা করা দুরূহ : প্রধানমন্ত্রী
উত্তরদক্ষিণ । বুধবার, ২৬ অক্টোবর ২০২২। আপডেট ১৯:৪০
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, নিজস্ব গবেষণা ব্যতীত দীর্ঘস্থায়ী ও যুগোপযোগী চিকিৎসাসেবা প্রতিষ্ঠা করা দুরূহ ব্যাপার। তিনি আগামীকাল ‘বিশ্ববিদ্যালয় গবেষণা দিবস’ উপলক্ষে আজ দেয়া এক বাণীতে বলেন, জাতির পিতার পদাঙ্ক অনুসরণ করে বর্তমান সরকার ১৯৯৮ সালে বাংলাদেশে প্রথমবারের মত মেডিক্যাল বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করে, যার মূল লক্ষ্য ছিল দেশের মানুষের সুস্বাস্থ্য নিশ্চিত করতে প্রয়োজনীয় চিকিৎসা গবেষণার বুনিয়াদ সৃষ্টি করা।
প্রধানমন্ত্রী বলেন, আমরা বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়কে বিশেষ করে এর গবেষণা ও শিক্ষা কর্মকান্ডকে প্রাধিকারমূলক কর্মসূচির আওতায় রেখেছি এবং সে অনুসারে উদ্যোগ গ্রহণ করেছি। কেননা নিজস্ব গবেষণা ব্যতীত দীর্ঘস্থায়ী ও যুগোপযোগী চিকিৎসাসেবা প্রতিষ্ঠা করা দুরূহ ব্যাপার।
তিনি আরও বলেন, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ে চতুর্থবারের মত ‘বিশ্ববিদ্যালয় গবেষণা দিবস’ উদযাপন করতে যাচ্ছে জেনে তিনি আনন্দিত। এই উপলক্ষ্যে তিনি এই বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, চিকিৎসক, নার্স, কর্মকর্তা-কর্মচারীসহ সংশি¬ষ্ট সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানান।
শেখ হাসিনা বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্বাধীনতার পরপরই দেশের চিকিৎসা ব্যবস্থার উন্নয়নে হাসপাতাল প্রতিষ্ঠাসহ বিভিন্ন কার্যক্রম গ্রহণ করেন। যুদ্ধবিধ্বস্ত দেশে তিনি চিকিৎসা সেবাকে সাধারণ মানুষের দোরগোড়ায় পৌঁছে দেওয়ার জন্য জেলা, থানা এবং ইউনিয়ন পর্যায়ে স্বাস্থ্যসেবা সম্প্রসারণের যুগান্তকারী উদ্যোগ গ্রহণ করেন। বঙ্গবন্ধু শেখ মুজিবের হাতেই বাংলাদেশের স্বাস্থ্যখাতে উন্নয়ন ও চিকিৎসা বিজ্ঞানের গবেষণায় বৈপ্লবিক পরিবর্তন শুরু হয়।
বাংলাদেশের মানুষের জন্য চিকিৎসাসেবা প্রদানের ক্ষেত্রে বিএসএমএমইউ অগ্রণী ভূমিকা পালন করে আসছে উল্লেখ করে তিনি বলেন, আমি আশা করি, চিকিৎসা গবেষণাতেও বিশ্ববিদ্যালয়টি নেতৃত্ব দেবে। ইতোমধ্যে বিশ্ববিদ্যালয়টি গবেষণাকে বেগবান করার জন্য ইমেরিটাস অধ্যাপক নিয়োগ দিয়েছে, যা অত্যন্ত আনন্দের বিষয়। এ বছর গবেষণা খাতে বরাদ্দ ৪ কোটি থেকে ২২ কোটি ৪০ লক্ষ টাকায় উন্নীত করেছে। তিনি বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের ‘বিশ্ববিদ্যালয় গবেষণা দিবস’ উপলক্ষে আয়োজিত সকল কর্মসূচির সার্বিক সাফল্য কামনা করেন।
ইউডি/সুপ্ত

