মেগা প্রজেক্টের কাজ চলায় রাজধানীতে যানজট: স্বরাষ্ট্রমন্ত্রী
উত্তরদক্ষিণ । বৃহস্পতিবার, ২৭ অক্টোবর ২০২২। আপডেট ১৬:১৮
রাস্তা দখল করে মেগা প্রজেক্টের কাজ চলায় রাজধানীতে যানজট হচ্ছে বলে মনে করেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল।
সচিবালয়ে বৃহস্পতিবার (২৭ অক্টোবর) সড়ক পরিবহন খাতে শৃঙ্খলা জোরদারকরণ এবং দুর্ঘটনা নিয়ন্ত্রণে সুপারিশ প্রণয়নের লক্ষ্যে গঠিত কমিটির ১১১ দফা সুপারিশমালা বাস্তবায়নের জন্য টাস্কফোর্সের সভায় তিনি এই মত দেন।
যানজটের বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রী জানান, মেট্রোরেল, এলিভেটেড এক্সপ্রেসওয়ে অনেক রাস্তা দখল করে রেখেছে। এ ছাড়া রাজধানীতে যে পরিমাণ সড়ক দরকার, তার চেয়ে কম রয়েছে।
রাজনৈতিক কর্মসূচির কারণেও যানজট তৈরি হচ্ছে বলে মনে করেন কামাল। তিনি জানান, সড়কে চাঁদাবাজি বন্ধের বিষয়ে সভায় আলোচনা হয়েছে।
তিনি জানান, টার্মিনাল ছাড়া টোল আদায় করা যাবে না। স্থানীয় সরকার বিভাগ এ-সংক্রান্ত প্রজ্ঞাপন দেবে।
সেখানে কোন কোন স্থান থেকে কী পরিমাণ টোল আদায় করা যাবে, তা উল্লেখ থাকবে। এর বাইরে টোল বা চাঁদা আদায় করা হলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে চাঁদাবাজির মামলা হবে।
ইউডি/এআই

