ইভ্যালির রাসেল-শামীমার সম্পত্তি ক্রোকের নির্দেশ

ইভ্যালির রাসেল-শামীমার সম্পত্তি ক্রোকের নির্দেশ
প্রতীকী ছবি

উত্তরদক্ষিণ । বৃহস্পতিবার, ২৭ অক্টোবর ২০২২। আপডেট ১৬:১০

চেক ডিজঅনার মামলায় ইভ্যালির রাসেল-শামীমা দম্পতির সম্পত্তি ক্রোকের নির্দেশ দিয়েছেন আদালত।

ঢাকার অতিরিক্ত মুখ্য মহানগর হাকিম তোফাজ্জল হোসেনের আদালত এ আদেশ দেন। এ বিষয়ে প্রতিবেদন জমার জন্য আগামী ১৬ নভেম্বর দিন ঠিক করে দেওয়া হয়েছে।

বাদীপক্ষের আইনজীবী এইচ এম আল-আমিন গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, ২৪ অক্টোবর আসামিদের (ইভ্যালির এমডি মোহাম্মদ রাসেল ও চেয়ারম্যান শামীমা নাসরিন) সম্পত্তি ক্রোকের আবেদন করা হয়। আদালত আবেদন মঞ্জুর করে সম্পত্তি ক্রোকের আদেশ দিয়েছেন। এ বিষয়ে প্রতিবেদন জমার জন্য আগামী ১৬ নভেম্বর দিন ঠিক করেছেন আদালত।

এ মামলায় আদালত আসামিদের হাজির হওয়ার জন্য সমন জারি করে। তারা উপস্থিত না হওয়ায় চলতি বছরের ১ ফেব্রুয়ারি গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন আদালত। গ্রেপ্তারি পরোয়ানার পর তিনবার দিন ঠিক করলেও এ বিষয়ে প্রতিবেদন না আসায় তাদের সম্পত্তি ক্রোকের আদেশ দিলেন আদালত।

আইনজীবী ও মামলা সূত্রে জানা গেছে, ২০২১ সালের ২৩ জানুয়ারি মেহেদী হাসান খান ইভ্যালি থেকে তিনটি মোটরসাইকেল, একটি মোবাইল ফোন ও কিছু গিফট কার্ড অর্ডার করেন। এ বাবদ আট লাখ ৫৪ হাজার টাকা মোবাইল ব্যাংকিংয়ের (এমএফএস) মাধ্যমে পরিশোধ করেন তিনি। নির্দিষ্ট ৪৫ দিনের মধ্যে পণ্য সরবরাহের কথা থাকলেও আসামিরা তা সরবরাহ করতে ব্যর্থ হন। এরপর ৯ মার্চ ইভ্যালি পণ্যের সমমূল্যের একটা চেক দেয়। ৫ জুলাই চেকটি ব্যাংকে জমা দিলে তা ডিজঅনার হয়।

এরপর ২০২১ সালের ২৮ নভেম্বর রাসেল ও শামীমাকে আসামি করে মামলা করেন মেহেদী হাসান খান।

ইউড/এআই

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading