ইউক্রেন যুদ্ধ শুরুর পর প্রথম পরমাণু অস্ত্রের মহড়া চালাল রাশিয়া
উত্তরদক্ষিণ । বৃহস্পতিবার, ২৭ অক্টোবর ২০২২। আপডেট ২০:৩০
আটমাস ধরে চলছে রাশিয়া-ইউক্রেন যুদ্ধ। এনিয়ে মস্কোর সঙ্গে তীব্র উত্তেজনা চলছে পশ্চিমা দেশগুলোর। এর মধ্যেই পরমাণু অস্ত্রের মহড়া চালিয়েছে দেশটি। কৌশলগত পারমাণবিক বাহিনীর বার্ষিক এই মহড়া পর্যবেক্ষণ করেছেন দেশটির প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।
যদিও ক্রেমলিন জানিয়েছে, মহড়ার সময় দূর প্রাচ্য এবং আর্কটিক অঞ্চলে ব্যালিস্টিক এবং ক্রুজ ক্ষেপণাস্ত্র ছোঁড়া হয়েছে। তবে এই মহড়ার ব্যাপারে দুই দেশের মধ্যে সম্পাদিত এক চুক্তির মাধ্যমে যুক্তরাষ্ট্রকে আগেই জানিয়েছিল মস্কো।
এদিকে রাশিয়া অব্যাহত অভিযোগ করে যাচ্ছে, দুই দেশের মধ্যে চলমান যুদ্ধে ‘ডার্টি বোমা’ (তেজস্ক্রিয় পদার্থ মিশ্রিত বোমা) ব্যবহারের ষড়যন্ত্র করছে ইউক্রেন। তবে অভিযোগের পক্ষে শক্ত কোনো প্রমাণ দেখায়নি মস্কো। অন্যদিকে রাশিয়ার অভিযোগকে ‘মিথ্যা’ বলে প্রত্যাখ্যান করেছে বেশিরভাগ পশ্চিমা দেশ।
ডার্টি বোমা ব্যবহারের অভিযোগের ব্যাপারে ইউক্রেন বলছে, মস্কোর বক্তব্য বেশ ইঙ্গিতপূর্ণ। হয়তো তারাই এমন একটি হামলার প্রস্তুতি নিচ্ছে।
রাশিয়ার চালানো পরমাণু অস্ত্রের মহড়ার আগে ওয়াশিংটনের কর্মকর্তারা জানিয়েছিলেন, মহড়া চালানোর আগে মস্কো তাদের জানিয়েছিল। এতে বোঝা যায়- দুই দেশের মধ্যে সম্পাদিত চুক্তি মানার ব্যাপারে রাশিয়া এখনও অঙ্গিকারবদ্ধ।
এদিকে উত্তর-পশ্চিম ইউরোপে ‘স্টেড-ফাস্ট নুন’ নামে একটি মহড়া চালাচ্ছে ন্যাটো সামরিক জোট। পশ্চিমা এই প্রতিরক্ষা জোট বলেছে, বেলজিয়াম, যুক্তরাজ্য এবং উত্তর সাগরের এই মহড়ায় রোববার পর্যন্ত অংশগ্রহণ করেছে ১৪টি দেশ।
রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রী সের্গেই শইগু রুশ টেলিভিশনে বলেছেন, এই মহড়ার মাধ্যমে সামরিক কমান্ডারকে প্রস্তুত করা হচ্ছে, যাতে শত্রুপক্ষে পরমাণু হামলায় ব্যাপকভাবে পাল্টা হামলা চালানো যায়।
যুক্তরাজ্যভিত্তিক সংবাদমাধ্যম বিবিসির এক প্রতিবেদনে বলা হয়, মহড়ায় মস্কোর প্রায় ৮০০ কিলোমিটার উত্তরের প্লেসেটস্ক কসমড্রোম থেকে আন্ত-মহাদেশীয় ইয়ার্স ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়। অন্যদিকে রাশিয়ার দূরপ্রাচ্যের কামাচাটকা প্রদেশের দুর্গম এলাকা কুরা থেকে ছোঁড়া হয় একটি সাইনেভা ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র। মস্কো জানিয়েছে, মহড়া থেকে ছোঁড়া ক্ষেপণাস্ত্রগুলো তাদের লক্ষ্যে গিয়ে আঘাত হানতে সক্ষম হয়েছে।
রাশিয়ার টেলিভিশনে দেখানো হয়, ভিডিও লিংকের মাধ্যমে মহড়া পর্যবেক্ষণ করছিলেন প্রেসিডেন্ট পুতিন। সেসময় টেলিভিশনে তার কিছু বক্তব্যও প্রচার করা হয়। যেখানে ইন্টেলিজেন্স সার্ভিসের সঙ্গে কথা বলার সময় আবারও ইউক্রেনের বিরুদ্ধে ‘ডার্টি বোমা’ হামলার ষড়যন্ত্র করার অভিযোগ তুলেন তিনি।
সূত্র: বিবিসি
ইউডি/সিফাত

