বিএনপি মিথ্যাচারের রাজনীতি অব্যাহত রেখেছে: ওবায়দুল কাদের

বিএনপি মিথ্যাচারের রাজনীতি অব্যাহত রেখেছে: ওবায়দুল কাদের

উত্তরদক্ষিণ । বৃহস্পতিবার, ২৭ অক্টোবর ২০২২। আপডেট ১৭:৫০

‘বিএনপি বিরোধী দলের ভূমিকা পালন না করে তাদের চিরায়ত মিথ্যাচারের রাজনীতি অব্যাহত রেখেছে’ বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

বলেছেন, ‘বিরোধী দলের ভূমিকা পালন না করে তারা (বিএনপি) চিরায়ত মিথ্যাচারের রাজনীতি অব্যাহত রেখেছেন। দেশবাসী ভুলে যায়নি, বিএনপি যখন ক্ষমতায় ছিল তখন তারা হাওয়া ভবন খুলে দুর্নীতিকে প্রাতিষ্ঠানিক রূপ দিয়েছিল। স্বার্থবিরোধী নীতি ও লুটপাটের মাধ্যমে বাংলাদেশকে একটি ব্যর্থ অকার্যকর রাষ্ট্রে পরিণত করেছিল।

‘সেই ধ্বংসস্তূপ থেকে শেখ হাসিনা সুনির্দিষ্ট পরিকল্পনা ও কর্মসংস্থানের মাধ্যমে বাংলাদেশকে একটি সম্ভাবনাময় অর্থনীতির রাষ্ট্র হিসেবে অধিষ্ঠিত করেছেন। যাদের সময় বিদ্যুতের দাবিতে আন্দোলন করার জন্য মানুষের ওপর গুলি চালানো হয়েছিল, যারা জাতীয় গ্রিডে এক ইউনিটও বিদ্যুৎ জোগান দিতে পারেনি, তারা আজকের সংকট নিয়ে অর্বাচীন মন্তব্য করবে এটাই স্বাভাবিক’, মন্তব্য করেন ওবায়দুল কাদের।

বৃহস্পতিবার (২৭ অক্টোবর) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে ওবায়দুল কাদের এসব কথা জানান।

তিনি বলেন,‘বিশ্ব আজ এক অনাকাঙ্ক্ষিত সংকটে। পৃথিবীর বৃহৎ অর্থনীতির দেশগুলোকেও আশঙ্কাজনকভাবে অর্থনৈতিক বিপর্যয়ের সম্মুখীন হতে হচ্ছে। ইউরোপ-আমেরিকাসহ বিশ্বের প্রায় সব রাষ্ট্রেই নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্যবৃদ্ধিসহ বিদ্যুৎ ও জ্বালানি সংকট সৃষ্টি হয়েছে। যার অভিঘাতে আজ এক অনাকাঙ্ক্ষিত সংকটের মুখোমুখি বাংলাদেশও।

‘বৈশ্বিক এই সংকটময় পরিস্থিতি বিবেচনা না করে বিএনপি নেতারা দায়িত্বজ্ঞানহীনভাবে নানা ধরনের রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত মিথ্যাচারে লিপ্ত হয়েছেন। কথা কথায় সরকারের পদত্যাগ দাবি করছেন’, বলেন তিনি।

বিএনপি মহাসচিবের কাছে প্রশ্ন রেখে তিনি বলেন, ‘বিশ্বের সব দেশের সরকারই কী তাহলে পদত্যাগ করবে? সব দেশে সরকার পদত্যাগ করলে সমগ্র বিশ্বই তো সরকারবিহীন হয়ে পড়বে। নিশ্চিতভাবে পৃথিবীর সব রাষ্ট্র সরকারবিহীন চলতে পারে না। এই পরিস্থিতিতে সব দেশপ্রেমিক নাগরিকের দায়িত্ব হলো ধৈর্যের সঙ্গে সংকট মোকাবিলা করা।’

ইউডি/এআই

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading