মহাসড়কে মোটরসাইকেল বন্ধের সুপারিশ
উত্তরদক্ষিণ । বৃহস্পতিবার, ২৭ অক্টোবর ২০২২। আপডেট ১৯:২৮
মহাসড়কে মোটরসাইকেল বন্ধ চায় সংসদীয় কমিটি। বৃহস্পতিবার (২৭ অক্টোবর) সংসদ ভবনে অনুষ্ঠিত সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটির বৈঠকে এ বিষয়ে সুপারিশ করা হয়েছে।
কমিটির সভাপতি রওশন আরা মান্নানের সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে কমিটির সদস্য সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের, এনামুল হক, রেজওয়ান আহাম্মদ তৌফিক, ছলিম উদ্দীন তরফদার, সৈয়দ আবু হোসেন, রাবেয়া আলীম এবং মেরিনা জাহান অংশ নেন।
সংসদ সচিবালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে- সড়ক, মহাসড়কের যানজট ও দুর্ঘটনা-রোধে কার্যকর ব্যবস্থা গ্রহণে সড়ক পরিবহন আইন যথাযথভাবে বাস্তবায়ন এবং মোটরসাইকেল ও নসিমন-করিমন বন্ধের জন্য কমিটি সুপারিশ করেছে।
কমিটির সভাপতি রওশন আরা মান্নান বলেন, ‘বিআরটিএ-তে অনিবন্ধিত পাঠাও-উবারের মোটরসাইকেলগুলো রাজধানীতে ব্যাপক যানজটের সৃষ্টি করছে। আমরা পাঠাও-উবারের মধ্যে যেগুলো বিআরটিএর নিবন্ধিত নয় সেই মোটরসাইকেল বন্ধ করতে বলেছি।’
এ বিষয়ে সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে- ঢাকা শহরের যানজট নিরসনে অবৈধ রাইড শেয়ারিং বন্ধে চালকদের নির্ধারিত পোশাকের ব্যবস্থা চালু করার সুপারিশ করা হয়েছে।
বৈঠকে মহাসড়কে মোটরসাইকেল দুর্ঘটনা নিয়েও বৈঠকে আলোচনা হয়েছে বলে কমিটির সভাপতি জানান।
ইউডি/ এআই

