জনসমাগম কাকে বলে বিএনপিকে দেখানো হবে: ওবায়দুল কাদের

জনসমাগম কাকে বলে বিএনপিকে দেখানো হবে: ওবায়দুল কাদের

উত্তরদক্ষিণ । শুক্রবার, ২৮ অক্টোবর ২০২২। আপডেট ১৬:৩০

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ‘জনসমাগম কাকে বলে তা আগামীকাল (শনিবার) থেকে বিএনপিকে বুঝিয়ে দেওয়া হবে।’

রংপুরে বিএনপির গণসমাবেশের একদিন আগে শুক্রবার (২৮ অক্টোবর) নিজ বাসভবনে ব্রিফিংকালে তিনি এ কথা বলেন। শনিবার (২৯ অক্টোবর) ঢাকা জেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলনকে কেন্দ্র করে লক্ষাধিক লোকসমাগমের প্রস্তুতি নিচ্ছে ক্ষমতাসীনরা।

‘বিএনপির তিন সমাবেশ দেখেই নাকি সরকারের কাঁপাকাঁপি শুরু হয়ে গেছে’- দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের এমন বক্তব্যের জবাবে ওবায়দুল কাদের বলেন, ‘এখানে সরকারের কাঁপাকাঁপির কী আছে? কোনো সমাবেশে ১০ লাখ লোকের টার্গেট করে এক লাখও হয়নি, আবার কোথাও পাঁচ লাখ টার্গেট করে ৫০ হাজারও হয়নি। এটাই তো বিএনপির সমাবেশের চেহারা।’

তিনি বিএনপির প্রতি চ্যালেঞ্জ ছুড়ে বলেন, ‘আওয়ামী লীগের ঢাকা মহানগরীতে ওয়ার্ড ও থানার সম্মেলনে কত হাজার লোক হয়েছে তা দেখুন, যা পত্রপত্রিকা ও মিডিয়ায় প্রচারিত হয়েছে।’

‘নিরপেক্ষ সরকারের হাতে ক্ষমতা না দিলে দেশে কোনো নির্বাচন হবে না’- বিএনপি মহাসচিব মির্জা ফখরুলের এমন বক্তব্য প্রসঙ্গে ওবায়দুল কাদের পাল্টা প্রশ্ন রেখে বলেন, ‘আপনাদের দৃষ্টিতে নিরপেক্ষতার মানদণ্ড কী, সেটার প্রমাণ তো আপনারা ক্ষমতাসীন অবস্থায় দেখিয়েছেন।’

এ প্রসঙ্গে তিনি বলেন, ‘বিএনপি নেত্রীই (খালেদা জিয়া) তো একসময়ে বলেছিলেন- পাগল আর শিশু ছাড়া কেউই নিরপেক্ষ নয়। তাহলে আপনারা কি পাগল ও শিশু দ্বারা পরিচালিত তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন চান। ক্ষমতার মোহে অন্ধ বিএনপি নেতারা সেটাই চাইতে পারেন।’

আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, ‘এদেশে সাংবিধানিকভাবে নির্বাচন কমিশন রয়েছে। যার অধীনে যথাসময়ে আগামী নির্বাচন অনুষ্ঠিত হবে। সরকার শুধু নির্বাচন কমিশনকে সহায়তা দেবে।’

ইউডি/এআই

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading