বিএনপি দেখিয়েছে মানুষ তাদের পেছনে আছে: মান্না
উত্তরদক্ষিণ । শুক্রবার, ২৮ অক্টোবর ২০২২। আপডেট ১৬:৩৫
নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না বলেছেন, তিনি বিএনপি না করলেও বিএনপির সমাবেশ দেখে আনন্দিত। বিএনপি দেখিয়েছে মানুষ তাদের পেছনে আছে, আওয়ামী লীগের পেছনে নেই। শুক্রবার (২৮ অক্টোবর) জাতীয় প্রেসক্লাবের মাওলানা মোহাম্মদ আকরম খাঁ হলে বাংলাদেশ ইয়ুথ ফোরাম আয়োজিত এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।
মাহমুদুর রহমান মান্না বলেন, বিএনপির সমাবেশে মানুষের জোয়ার দেখে আওয়ামী লীগ এখন সমাবেশ করার কথা বলছে। আওয়ামী লীগ দু-একটা সমাবেশ করলেই তাদের মন খারাপ হয়ে যাবে। কারণ, মানুষ আওয়ামী লীগের বিরুদ্ধে জেগেছে। আওয়ামী লীগকে ছেড়ে দিয়েছে। মানুষ বিদ্রোহ করেছে। তিনি আরও বলেন, আওয়ামী লীগের পতন এখন দিনের ব্যাপার। এমন একটা সময় আসবে জনগণ নামবে, দেশে অর্থনীতি খারাপ হবে। সবকিছু মিলে সরকারের পালানোর পথ থাকবে না।
আলোচনা সভায় বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা মোহাম্মদ শাহাজাদা মিয়া বলেন, আমি নিজে আওয়ামী লীগ করতে পারিনি। এই আওয়ামী লীগ কী জিনিস, আমার চেয়ে ভালো কেউ জানে না। আওয়ামী লীগ একটা বর্বর দল। মানবতাবোধ নাই এদের।
ইয়ুথ ফোরামের উপদেষ্টা রোটারিয়ান এম নাজমুল হাসানের সভাপতিত্বে সভাপতি মুহাম্মদ সাইদুর রহমানের সঞ্চালনায় বক্তব্য দেন জাতীয় পার্টির নেতা আহসান হাবীব রিঙ্কন, ডিইউজে সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম, ইসমাইল তালুকদার খোকন, আমীর হোসেন বাদশা প্রমুখ।
ইউডি/সুপ্ত

