দক্ষিণ কোরিয়ায় হ্যালোইন উৎসবে পদদলিত হয়ে ১৫১ জনের মৃত্যু

দক্ষিণ কোরিয়ায় হ্যালোইন উৎসবে পদদলিত হয়ে ১৫১ জনের মৃত্যু

উত্তরদক্ষিণ । রবিবার, ৩০ অক্টোবর ২০২২। আপডেট ১৩:৪৫

দক্ষিণ কোরিয়ায় হ্যালোইন উৎসবে পদদলিত হয়ে অন্তত ১৫১ জনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরও ৮২ জন আহত হয়েছেন। স্থানীয় সময় শনিবার (২৯ অক্টোবর) দিবাগত রাত সাড়ে ১০টার দিকে রাজধানী সিউলের ইথেওন এলাকায় এ ঘটনা ঘটে।

দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট ইউন সুক-ইওল এ ঘটনার পর জরুরি বৈঠক ডেকেছেন। কীভাবে এ ঘটনা ঘটেছে, তার কারণ অনুসন্ধান করা হচ্ছে বলে কর্মকর্তারা জানিয়েছেন।

হ্যালোইন উৎসব উদযাপনকারীদের কাছে রাজধানী সিউলের ইথেওন এলাকা খুবই আকর্ষণীয় জায়গা। শনিবার রাতে ওই এলাকায় লাখখানেক মানুষ সমবেত হয়েছিলেন। ২০২০ সালে করোনা মহামারি শুরু হওয়ার পর দক্ষিণ কোরিয়ায় হ্যালোইন উৎসব বন্ধ ছিল। এরপর এবারই প্রথম এই উৎসব হয়, যেখানে মাস্ক পরার বাধ্যবাধকতা ছিল না। ‘মৃত আত্মাদের স্মরণে’ প্রতিবছর অক্টোবরের শেষে হ্যালোইন উৎসব হয়।

দুর্ঘটনাস্থলের কয়েকটি ভিডিও সামাজিক যোগাযোগের মাধ্যমে ছড়িয়ে পড়েছে। তাতে দেখা গেছে, রাস্তার ওপর ব্যাগে করে মরদেহ রাখা হয়েছে। জরুরি চিকিৎসাসেবা দিয়ে আহত ব্যক্তিদের বাঁচানোর চেষ্টা করছেন উদ্ধারকর্মীরা। রাস্তায় একজন আরেকজনের ওপর পড়ে আছেন, তাদের উদ্ধারের চেষ্টা চলছে।

ঘটনাস্থলের পাশেই একটি ভবনে অস্থায়ী মর্গ তৈরি করা হয়েছে। আহত ব্যক্তিদের মধ্যে ২ জন বিদেশিও রয়েছেন। তবে হতাহত ব্যক্তিদের মধ্যে কোন কোন দেশের নাগরিকেরা রয়েছেন, তাৎক্ষণিকভাবে তা জানা যায়নি।

ইউডি/আতা

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading