‘বেশি ঘাঁটাবেন না, বেরিয়ে যাবে’, ওবায়দুল কাদেরকে মির্জা ফখরুল
উত্তরদক্ষিণ । রবিবার, ৩০ অক্টোবর ২০২২। আপডেট ১৬:৫০
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরকে ব্যক্তিগত আক্রমণ না করে বক্তব্য দিতে অনুরোধ জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
তিনি বলেছেন, ‘ব্যক্তিগত আক্রমণ করলে শেষে সামাল দিতে পারবেন না। কার কয়টা বাড়ি আছে, কত টাকা আছে, এসব টাকা কোথা থেকে আসে? আমি এসব ব্যক্তিগত আক্রমণে যেতে চাই না। কারণ এসব আক্রমণাত্মক কথা রাজনৈতিক শিষ্টাচারের মধ্যে পড়ে না।’
‘তিনি (ওবায়দুল কাদের) বলেছেন, আমি নাকি দুবাইয়ের টাকা পাই, টাকার উপর ঘুমাই। তাকে বলতে চাই, অযথা বেশি ঘাঁটাবেন না। বেশি ঘাঁটালে কিন্তু কেঁচো বেরিয়ে যাবে। আমরা পৈত্রিক সম্পত্তি বিক্রি করে রাজনীতি করি। আমাদের নেতা-কর্মীরা নিজের টাকায় চাঁদা দিয়ে সমাবেশ করে। আর আপনারা (আওয়ামী লীগ) কী করেন সেটা দেশের সবাই জানে’, বলেন মির্জা ফখরুল।
রোববার (৩০ অক্টোবর) দুপুরে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক যৌথ সভা শেষে সংবাদ সম্মেলনে বিএনপি মহাসচিব এসব কথা বলেন।
ফখরুল বলেন, ‘আপনারা নির্বাচন ব্যবস্থাকে ধ্বংস করে ফেলেছেন। নির্বাচনকালীন ৯০ দিনের তত্ত্বাবধায়ক সরকারের বিষয়টি বাতিল করেছেন। আপনারা বলছেন, আপনারা করেননি, আদালত করেছেন। টিকে থাকার জন্য জনগণকে বোকা বানাতে চাইলেও জনগণ বোকা নয়। আপনারাই বলেন, অনেক উন্নয়ন করেছেন, তাহলে ভয় পাচ্ছেন কেন’?
বিএনপি মহাসচিব ছাড়াও সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আমান উল্লাহ আমান, যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন, প্রচার সম্পাদক শহীদ উদ্দিন চৌধুরী এ্যানী, বিএনপি নেতা সরফত আলী সপু, এবিএম মোশাররফ হোসেন, সুলতানা রহমান, আমিনুল হক, রফিকুল আলম মজনু, সুলতান সালাহ উদ্দিন টুকু, মুনায়েম মুন্না প্রমুখ।
ইউডি/এআই

