টি-টোয়েন্টি বিশ্বকাপ: স্বস্তির জয় পেল পাকিস্তান
উত্তরদক্ষিণ । রবিবার, ৩০ অক্টোবর ২০২২। আপডেট ১৬:৫৫
টি-টোয়েন্টি বিশ্বকাপের সেমিফাইনাল সম্ভাবনা অনেকটাই ফ্যাকাসে হয়ে গেছে পাকিস্তানের। প্রথম ম্যাচে ইন্ডিয়ার বিপক্ষে হার দিয়ে চলমান আসর শুরু করা পাকিস্তান দ্বিতীয় ম্যাচেই অঘটনের শিকার হয়। জিম্বাবুয়ের কাছে ১ রানে হারে বাবর আজমের দল। নিজেদের তৃতীয় ম্যাচে আর ভুল করে নি ওরা। নেদারল্যান্ডকে ৬ উইকেটে হারিয়ে সেমির সম্ভাবনা জিইয়ে রাখল দলটি।
মাত্র ৯২ রানের লক্ষ্যে খেলতে নেমে পাকিস্তানের প্রথম জয়টা যতটা সহজ ভাবা হচ্ছিল, ততটা সহজ হয়নি যদিও। জয়ের পথে সঠিক ছন্দে ছিল না তারা। ৯১ রান তুলতেই ৪ উইকেট হারিয়েছে। ভাগ্যভালো যে রিজওয়ান প্রান্ত আগলে দলকে সঠিক দিশা দেখিয়েছেন। তবে হাফসেঞ্চুরি থেকে বঞ্চিত হয়েছেন মাত্র এক রানের জন্য। তিনি দলীয় ৮৩ রানে সাজঘরে ফেরেন। তার ৩৯ বলে করা ৪৯ রানের ইনিংসে ছিল ৫টি চার। শুরুতে ১৬ রানেই সাজঘরে ফিরেছেন বাবর আজম (৪)। ৫৩ রানে বিদায় নেন ফখর জামানও (২০)। জয়ের কাছে এসে সাজঘরে ফেরেন শান মাসুদ। ১৬ বলে মাত্র ১২ রান করেছেন তিনি। ৩৭ বল হাতে রেখে জেতা পাকিস্তান জয় নিশ্চিত করেছে ১৩.৫ ওভারে। তখন ইফতিখার আহমেদ (৬) ও শাদাব খান (৪) ক্রিজে ছিলেন। ডাচদের হয়ে ২২ রানে দুটি উইকেট নিয়েছেন ব্র্যান্ডন গ্লোভার। একটি নিয়েছেন পল ফন মিকারেন।

তার আগে টস জিতে ব্যাট করা নেদারল্যান্ড পাকিস্তানের বোলিং তোপে ৯ উইকেটে থেমেছে ৯১ রানে। ব্যাটারদের ব্যর্থতায় ডাবল ফিগার ছিল কেবল কলিন অ্যাকারম্যান (২৭) ও স্কট অ্যাডওয়ার্ডসের (১৫)। ২২ রানে ৩ উইকেট নিয়ে সবচেয়ে সফল ছিলেন শাদাব খান। ১৫ রানে দুটি নেন মোহাম্মদ ওয়াসিম। একটি করে নিয়েছেন শাহীন শাহ আফ্রিদি, নাসিম শাহ ও হারিস রউফ। তাদের মধ্যে রউফের গতিতে আহত হন বাস ডি লিড। বল তার হেলমেটে আঘাত করায় পরে দেখা গেছে চোখের নিচে কেটে গেছে রউফের। তার বদলে পরে কনকাশন সাব হিসেবে খেলেন লোগান ফন বিক।
টুর্নামেন্টের প্রথম জয়ের পয়েন্ট টেবিলে যদিও পাকিস্তানের অবস্থানের পরিবর্তন হয়নি। ৩ ম্যাচে এক জয়ে তাদের অবস্থান পাঁচ। ২ ম্যাচে ৪ পয়েন্ট নিয়ে শীর্ষে ইন্ডিয়া। ৩ ম্যাচে তাদের মতো সমান পয়েন্ট নিয়ে তার পরেই আছে বাংলাদেশ। তিনে থাকা দক্ষিণ আফ্রিকার সংগ্রহ ২ ম্যাচে ৩। চারে থাকা জিম্বাবুয়ের ৩ ম্যাচে অর্জন ৩।
ইউডি/সুপ্ত

