প্রাপ্তবয়স্ক হলেই নারী থেকে পুরুষ হয় যে মাছ
উত্তরদক্ষিণ । রবিবার, ৩০ অক্টোবর ২০২২। আপডেট ১৯:৩২
প্রকৃতির চিরাচরিত নিয়মে পৃথিবীর অধিকাংশ প্রাণী নারী অথবা পুরুষ হয়েই জন্মগ্রহণ করে। সাধারণত পুরুষরা সারাজীবন পুরুষ এবং নারীরা নারী হয়েই জীবন অতিবাহিত করে। তবে এ নিয়মের ব্যতিক্রমী হয়েছে কিছু প্রজাতির মাছের ক্ষেত্রে। সম্প্রতি এক নতুন এক প্রজাতির মাছের সন্ধান পাওয়া গেছে যেগুলো নারী হয়ে জন্মালেও প্রাপ্তবয়স্ক হওয়ার পর পরিণত হয় পুরুষে।
মালদ্বীপ মেরিন রিসার্চ ইনস্টিটিউটের গবেষক ড. আহমেদ নাজিব এই মাছের এই বিচিত্র জীবনের তথ্য আবিষ্কার করেন। তবে তিন বছর আগেই তাঞ্জানিয়ার জাঞ্জিবার অঞ্চলের মেসোফোটিক রিফে প্রথম সন্ধান পাওয়া যায় এই মাছের।
জন্মের সময় এই মাছ থাকে নারী। নির্দিষ্ট বয়স পার হলেই এই মাছ পরিণত হয় পুরুষে। শারীরিক গঠন এবং হরমোনাল পরিবর্তনের সঙ্গে সঙ্গে শরীর রংও বদলে যায় এদের। শরীর আশও পরিবর্তন হয় এবং আঁশের সংখ্যা বাড়তে থাকে।
তবে এই পরিবর্তন কেন হয় এই মাছের তা এখনো জানা যায়নি। গবেষকরা মাছটি নিয়ে এখনো চালিয়ে যাচ্ছেন গবেষণা। সমুদ্রের ৭০ থেকে ১৫০ মিটার গভীরে এই মাছের বাস। সমুদ্রের মাঝামাঝি জায়গায় থাকার কারণে স্কুবা ডাইভারদের নজর যেমন এড়িয়ে যায়, তেমনি সাবমেরিন দিয়েও এদের নাগাল পাওয়া যায় না। ফলে এতদিন আড়ালেই ছিল এই বিচিত্র প্রজাতির মাছটি।
এর আগে কবুডাই নামের এশিয়ান শিপসহেড র্যাশ মাছের বিচিত্র জীবন হতবাক করছিল বিশ্ববাসীকে। এই দৈত্যাকার মাছটির বয়স ১০ বছর হলেই শরীরে নাটকীয় এক পরিবর্তন শুরু হয়। সে মিলনে অস্বীকৃতি জানায়। দেহে নারী হরমোনগুলো নিঃসরণ বন্ধ হয়ে যায়। অন্যদিকে পুরুষ হরমোন সঞ্চালন হতে শুরু করে। মাত্র কয়েক মাসের মধ্যেই তার মাথা এবং থুতনি ফুলে ওঠে। নারী মাছটি পরিণত হয় এক দাপুটে পুরুষে।
ইউডি/সুস্মিত

