পুলিশের ওপর হামলা, চাঁদপুরে বিএনপির ৫০০ নেতা-কর্মীর বিরুদ্ধে মামলা
উত্তরদক্ষিণ । সোমবার, ৩১ অক্টোবর ২০২২। আপডেট ১১:৪৯
চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলায় যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীর মিছিল থেকে পুলিশের ওপর হামলার ঘটনায় বিএনপির ৫০০ নেতা-কর্মীর নামে মামলা করা হয়েছে। পুলিশের করা ওই মামলায় এখন পর্যন্ত আটক করা হয়েছে ২২ নেতা-কর্মীকে।
রোববার রাতে বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেন অতিরিক্ত পুলিশ সুপার (হাজীগঞ্জ সার্কেল) পঙ্কজ কুমার দে।
জানা গেছে, শনিবার বিকেলে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীর মিছিলে পুলিশ বাধা দিলে উভয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এই সময় পুলিশের ওপর ইটপাটকেল নিক্ষেপ করেন বিক্ষুব্ধ নেতা-কর্মীরা। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ছয় রাউন্ড টিয়ার শেল ও শটগানের ২৪টি ফাঁকা গুলি ছোড়ে পুলিশ। এরপর যুবদলের মিছিল ছত্রভঙ্গ হয়ে যায়।
এ ঘটনায় চাঁদপুর জেলা বিএনপির সাবেক সভাপতি ইঞ্জিনিয়ার মমিনুল হক, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এম এ রহিম পাটোয়ারী ও যুবদলের আহ্বায়ক আকতার হোসেন দুলালসহ নামধারী কয়েকজন ও বাকিদের অজ্ঞাত আসামি দেখানো হয়েছে।
এদিকে পুলিশের প্রিজন ভ্যানে আসামিদের উঠানোর সময় স্বজনদের আহাজারি করতে দেখা গেছে। মামলার বাদী হলেন উপপরিদর্শক আবদুল আজিজ শেখ। মামলায় ১৮৬ জনের নাম উল্লেখ করা হয়েছে বলে জানায় পুলিশ।
অতিরিক্ত পুলিশ সুপার পঙ্কজ কুমার দে বলেন, ‘এ হামলায় পাঁচ পুলিশ আহত হয়েছে। যারা পুলিশের দায়িত্ব পালনে বাধাগ্রস্ত করতে ইটপাটকেল নিক্ষেপসহ হামলা চালিয়েছে, তাদের ছাড় দেয়া হবে না। এখন পর্যন্ত যুবদল নেতা রাজা তালুকদার, ছাত্রদল নেতা হাবিবুর রহমান, মৎসজীবী দল নেতা মোস্তফা কামাল, নজরুলসহ ২২ নেতা-কর্মীকে সন্ধ্যায় জেলহাজতে পাঠানো হয়েছে। সব মিলিয়ে ৫০০ জনের বিরুদ্ধে থানায় মামলা হয়েছে।’
ইউডি/এআই

