ডেঙ্গু: কোথাও যেন পানি না জমে, আহ্বান প্রধানমন্ত্রীর

উত্তরদক্ষিণ । সোমবার, ৩১ অক্টোবর ২০২২। আপডেট ১৮:৫০

এডিস মশাবাহিত রোগ ডেঙ্গু প্রতিরোধে সবাইকে ঘরবাড়ি পরিষ্কার পরিচ্ছন্ন রাখার পাশাপাশি কোথাও যেন পানি না জমে সে বিষয়ে সতর্ক থাকতে বলেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

সোমবার (৩১ অক্টোবর) মন্ত্রিপরিষদের এক বৈঠকে ডেঙ্গু নিয়ে আলোচনা উঠলে এ আহ্বান জানান তিনি।

বৈঠকের পর সংবাদ সম্মেলনে মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম বলেন, ‘আজকে একটা জিনিস বিশেষভাবে আলোচনা হয়েছে সেটা হলো ডেঙ্গু নিয়ে। ২০১৯ সালে এক লাখ ডেঙ্গু রোগী ছিল। এইবার এরই মধ্যে ৩৬ হাজার লোক আক্রান্ত হয়ে গিয়েছে। ঢাকাতেই ২৩ হাজার, চট্টগ্রামে চার হাজার, খুলনায় ১৬ শ, সিলেটে সব থেকে কম ৫৩ জন।’

তিনি জানান, এ বছর ইতোমধ্যে ১৩৬ জন মারা গেছেন ডেঙ্গুতে। তাদের মধ্যে ৬০ শতাংশ নারী; আর পুরুষ ৪০ শতাংশ।

‘সেজন্য এটা সবাইকে একটু রিকোয়েস্ট করা হয়েছে মন্ত্রিপরিষদের পক্ষ থেকে, এ বিষয়ে মাননীয় প্রধানমন্ত্রীও রিকোয়েস্ট করেছেন, সেটা হলো- সবার বাড়িঘর যেন ক্লিন রাখা হয় এবং বিশেষ করে পানি যেন না জমতে পারে এটার জন্য’, বলেন খন্দকার আনোয়ারুল ইসলাম।

সিটি করপোরেশনসহ সবাইকে প্রয়োজনীয় নিদর্শনা দেওয়ার কথা জানিয়ে সচিব বলেন, ‘বিশেষ করে সিভিল এভিয়েশনকে বিশেষ নির্দেশনা দেওয়া হয়েছে বিমানবন্দর এলাকায় উনারা সপ্তাহে দুই দিন করতেন; এখন বলা হয়েছে, পারলে প্রতিদিনই স্প্রে করার জন্য।’

সিটি করপোরেশন ও স্বাস্থ্য মন্ত্রণালয়কে সমন্বয় করে প্রচারণা চালিয়ে মানুষের মধ্যে সচেতনতা তৈরি করতেও নির্দেশনা দেওয়া হয়েছে বলে জানান তিনি।

ইউডি/এআই

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading