মসনদ হুড়মুড় করে ভেঙে পড়বে: রিজভী
উত্তরদক্ষিণ । মঙ্গলবার, ০১ নভেম্বর ২০২২। আপডেট ১৪:৩৭
আওয়ামী লীগকে উদ্দেশ্য করে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, ‘ভয় দেখানোর জন্য বিএনপির নেতাকর্মীদের তালিকা করা হচ্ছে। কিন্তু শেষ রক্ষা হবে না। আপনার ক্ষমতার মসনদ হুড়মুড় করে ভেঙে পড়বে।’
মঙ্গলবার (১ নভেম্বর) দুপুরে রাজধানীর তোপখানা রোডে বাংলাদেশ শিশুকল্যাণ পরিষদ মিলনায়তনে এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, ‘সাধারণ মানুষ বিএনপির মিছিলে বুক পেতে বুলেটকে বরণ করছে। সামগ্রিকভাবে জনগণ ফুসে উঠেছে। তারা রাজপথে আছে এবং থাকবে।’
রিজভী দাবি করেন, ‘বিএনপির গণসমাবেশ ঠেকাতে সরকার নিজেই ধর্মঘট ডেকেছে। কিন্তু জনস্রোত আটকানো যায়নি। আজকে ট্রলারে আগুন ধরিয়ে দিচ্ছে। বিএনপির অফিসে আগুন ধরিয়ে দিচ্ছে। কিন্তু মানুষকে ঠেকানো যায়নি। তারা নদী সাঁতরে, পায়ে হেঁটে এবং বাধা পেরিয়ে গণসমাবেশে যোগ দিয়ে সফল করেছেন।’
তিনি গণমাধ্যমের উদ্ধৃতি দিয়ে বলেন, ‘সরকারের লোকেরা হাজার কোটি টাকা পাচার করেছে। তারা বিদেশে বেগম পাড়া বানিয়েছে। কোনো রিকশাচালক বা কাঠমিস্ত্রী করেনি। আসলে এই সরকারের উন্নয়ন হচ্ছে ধাপ্পাবাজি। উন্নয়নে রড ছিল না। যে কারণে সবকিছু এখন হুড়মুড় করে ভেঙে পড়ছে।’
বাংলাদেশ লেবার পার্টির ৪৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে এই আলোচনা সভার আয়োজন করা হয়।
লেবার পার্টির চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান ইরানের সভাপতিত্বে সভায় আরও বক্তব্য রাখেন, বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান, জাতীয় পার্টির (জাফর) চেয়ারম্যান মোস্তফা জামাল হায়দার, কল্যাণ পার্টির চেয়ারম্যান মেজর জেনারেল (অব.) সৈয়দ মুহাম্মদ ইব্রাহিম বীর প্রতীক, বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারী জেনারেল মাওলানা আব্দুল হালিম, জাতীয় দলের চেয়ারম্যান অ্যাডভোকেট সৈয়দ এহসানুল হুদাসহ লেবার পার্টির বিভিন্ন স্তরের নেতারা।
ইউডি/এআই

