আমেরিকার ভারপ্রাপ্ত সেনাসচিবের দায়িত্ব পেলেন অ্যাডাম টেল
উত্তরদক্ষিণ। শুক্রবার, ০৪ সেপ্টেম্বর, ২০২৬, আপডেট ১৩:৫৮
ড্যান ড্রিসকলের পদত্যাগের পর আমেরিকার সেনাবাহিনীর ভারপ্রাপ্ত সচিবের দায়িত্ব পেয়েছেন অ্যাডাম টেল। বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) তাকে এ পদে নিয়োগ দেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
ট্রুথ সোশ্যালে দেওয়া এক বার্তায় ট্রাম্প জানান, সেনাবাহিনীর বেসামরিক কার্যক্রম বিভাগের সহকারী সচিব হিসেবে দায়িত্ব পালন করা অ্যাডাম টেল নতুন দায়িত্বে অবিলম্বে যোগ দেবেন।
এর আগে মঙ্গলবার পদত্যাগ করেন ড্যান ড্রিসকল। সেনাবাহিনীর ভবিষ্যৎ পরিকল্পনা এবং কয়েকজন জ্যেষ্ঠ কর্মকর্তাকে দায়িত্ব থেকে সরিয়ে দেওয়ার বিষয় নিয়ে প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথের সঙ্গে তার কয়েক মাস ধরে মতবিরোধ চলছিল বলে বিভিন্ন প্রতিবেদনে উঠে এসেছে।
ড্রিসকলের পদত্যাগের পর হোয়াইট হাউসের মুখপাত্র আনা কেলি তার ভূমিকার প্রশংসা করেন। তিনি বলেন, ট্রাম্পের কর্মসূচি বাস্তবায়নে ড্রিসকল গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন। সামরিক অভিযান পরিচালনা, সেনাবাহিনীর প্রস্তুতি ও সক্ষমতা বাড়ানোর পাশাপাশি রাশিয়া-ইউক্রেন শান্তি আলোচনাতেও তিনি ভূমিকা রেখেছেন।
ড্রিসকলের পদত্যাগের পর দ্রুতই নতুন ভারপ্রাপ্ত সেনাসচিব নিয়োগ দিল ট্রাম্প প্রশাসন। অ্যাডাম টেলের নতুন দায়িত্ব গ্রহণের মধ্য দিয়ে মার্কিন সেনাবাহিনীর শীর্ষ বেসামরিক নেতৃত্বে আপাতত স্থিতিশীলতা ফেরানোর চেষ্টা করা হচ্ছে।
ইউডি/রেজা

