ডাচদের হারিয়ে সেমির পথ সহজ করতে চায় জিম্বাবুয়ে
উত্তরদক্ষিণ । বুধবার, ০২ নভেম্বর ২০২২ । আপডেট ০৭:০০
টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার টুয়েলভে নিজেদের চতুর্থ ম্যাচে আজ নেদারল্যান্ডসের বিপক্ষে মাঠে নামছে জিম্বাবুয়ে। এ ম্যাচে জয়ী হয়ে সেমিফাইনালে খেলার স্বপ্ন জিইয়ে রাখার লক্ষ্য আফ্রিকার দলটির। অন্য দিকে সুপার টুয়েলভে নিজেদের প্রথম ৩ ম্যাচই হারলেও চতুর্থ ম্যাচে প্রথম জয়ের স্বাদ নিতে মাঠে নামবে ডাচরা। আজ অ্যাডিলেড ওভালে জিম্বাবুয়ে ও নেদারল্যান্ডস ম্যাচটি বাংলাদেশ সময় সকাল ১০টায় শুরু হবে।
সুপার টুয়েলভে নিজেদের প্রথম ম্যাচে দক্ষিণ আফ্রিকার কাছে নিশ্চিত হার থেকে রক্ষা পায় জিম্বাবুয়ে। বৃষ্টির কারনে ভেস্তে যাওয়ায় ম্যাচে পয়েন্ট ভাগাভাগি করে তারা। পরের ম্যাচে বড় চমক দেখায় জিম্বাবুয়ে। হট ফেভারিট পাকিস্তানকে ১ রানে হারিয়ে দেয় আরভিন-রাজারা। তৃতীয় ম্যাচে বাংলাদেশের সাথে আর পারেনি জিম্বাবুয়ে। ৩ রানে ম্যাচ হেরে যায় দলটি। ৩ খেলা শেষে ৩ পয়েন্ট নিয়ে টেবিলের চতুর্থস্থানে এখন জিম্বাবুয়ে। সমানসংখ্যক ম্যাচে দক্ষিণ আফ্রিকা ৫, ইন্ডিয়া-বাংলাদেশের সংগ্রহ পয়েন্ট ৪ করে। নেদারল্যান্ডসের বিপক্ষে জিতলে দক্ষিণ আফ্রিকার সমান পয়েন্ট হবে জিম্বাবুয়ের। তখন অন্যান্য দলের ফলাফলের দিকে তাকিয়ে থাকতে হবে জিম্বাবুয়েকে।

তার আগে নেদারল্যান্ডসের বিপক্ষে পূর্ণ ২ পয়েন্ট পেতে মরিয়া জিম্বাবুয়ে। দলের পেসার ব্লেসিং মুজারাবানি বলেন, আগের ম্যাচে বাংলাদেশের কাছে শেষ বলে হেরে যাওয়াটা হতাশার ছিলো। এসব ভুলে নেদারল্যান্ডসের বিপক্ষে জয় পেতে চাই আমরা। সেমি আশা বাঁচিয়ে রাখতে পুরো পয়েন্ট নিয়েই আমরা মাঠ ছাড়তে চাই।
প্রথম রাউন্ডে গ্রুপ রানার্স-আপ হয়ে সুপার টুয়েলভের খেলার সুযোগ পায় নেদারল্যান্ডস। সুপার টুয়েলভে নিজেদের প্রথম ম্যাচে বাংলাদেশের কাছে ৯ রানে হারে তারা। পরের দুই ম্যাচে ইন্ডিয়ার কাছে ৫৬ রানে ও পাকিস্তানের কাছে ৬ উইকেটে ম্যাচ হারে নেদারল্যান্ডস। টানা তিন ম্যাচ হারে সেমির আশা শেষ হয়ে গেছে তাদের। তবে সুপার টুয়েলভে প্রথম জয় পেতে জিম্বাবুয়েকে হারাতে মরিয়া নেদারল্যান্ডস।
দলের মিডল-অর্ডার ব্যাটার কলিন অ্যাকারম্যান বলেন, সুপার টুয়েলভে ভালো ক্রিকেট খেলতে পারিনি আমরা। আরও ভাল ক্রিকেট খেলার সামর্থ্য আমাদের আছে । জিম্বাবুয়ের বিপক্ষে নিজেদের সেরাটা দেখাতেই মাঠে নামবো আমরা। জয় নিয়ে মাঠ ছাড়া প্রত্যাশা করছি।
ইউডি/সুপ্ত

