সরকার অর্থনৈতিকভাবে অচল : রব
উত্তরদক্ষিণ । বুধবার, ০২ নভেম্বর ২০২২ । আপডেট ২০:০০
জাতীয় সমাজতান্ত্রিক দলের (জেএসডি) সভাপতি আ স ম আবদুর রব বলেছেন, সরকার অর্থনৈতিকভাবে অচল হয়ে গেছে। এই অবৈধ সরকার বিপর্যস্ত। তিন মাস পরে চাল কিনতে পারবে না। বুধবার (০২ নভেম্বর) দুপুরে জাতীয় প্রেস ক্লাবের আবদুস সালাম হলে জাতীয় সমাজতান্ত্রিক দল (জেএসডি) আয়োজিত ‘স্বৈরাচারের পতন ও রাষ্ট্র রূপান্তরের গণজাগরণ গড়ে তুলুন’ শীর্ষক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।
রব বলেন, আমরা স্বৈরাচারের বদলে আরেক স্বৈরাচার চাই না। এই অবৈধ সরকারের বিরুদ্ধে জনগণের উত্থান এসেছে। জনগণ পাটি, চিড়া-মুড়ি নিয়ে রাস্তায় নেমেছে। তারা কোন দলের কর্মী তা বড় কথা নয়। এই মুহূর্তে দরকার জনগণের সরকার।
সরকারের উদ্দেশে তিনি বলেন, সামনে মহাবিপদ আসছে। সবাইকে সঙ্গে নিয়ে বৃহত্তর আন্দোলন করার মাধ্যমে স্বৈরাচারী শাসনের পতন করা হবে। তারপর রাষ্ট্রসহ সবকিছু পুনর্গঠন করা হবে। আজ যদি ভদ্রভাবে আপনারা (আওয়ামী লীগ) ক্ষমতা থেকে যদি না যান, তাহলে পালাতেও পারবেন না। যাদেরকে খুন করেছেন, গুম করেছেন, তাদের শুভাকাঙ্ক্ষীরা পালাতেও দেবে না।
আলোচনা সভায় আরও বক্তব্য রাখেন নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না, বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক, গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি, রাষ্ট্র সংস্কার আন্দোলনের প্রধান সমন্বয়কারী অ্যাডভোকেট হাসনাত কাইয়ুম গণ অধিকার পরিষদের সদস্য সচিব নুরুল হক নুর প্রমুখ।
ইউডি/সুপ্ত

